বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুকাল থেকেই দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করে শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমাদের ছেলেমেয়েদের ভেতর একটি আত্মবিশ্বাস সৃষ্টি করতে হবে। এ জন্য প্রয়োজন জাতির পিতা শিশুকাল থেকেই যেমন নিজেকে বিলিয়ে দিয়েছিলেন দেশ ও জনগণের কল্যাণে, ঠিক সেভাবেই শিশুদের গড়ে তুলতে হবে।’
আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৭’ উদ্‌যাপন উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার সেই জীবনী অনুসরণ করে দেশ ও দেশের মানুষকে ভালোবাসা। দেশের প্রতি কর্তব্যবোধ থাকা, কী পেলাম, কী পেলাম না, সেই চিন্তা না করা। কতটুকু দেশের জন্য করতে পারলাম, সেই চিন্তাটা সবার মাঝে থাকতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের একটি স্বাধীন দেশ দিয়েই ক্ষান্ত হননি। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলেছিলেন। স্বাধীনতার পর সংবিধান দিয়েছেন এবং মেয়েদের জন্য মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করেন। যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার সময় খাদ্যাভাব, টাকার অভাব, তারপরও তিনি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিতেন। ২৬ হাজার ৯৬টি স্কুল জাতীয়করণ করে শিক্ষকদের চাকরিকে তিনি জাতীয়করণ করে দেন।
বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত ভালোবাসতেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি ছোট্ট শিশুদের সব সময়ই মনে করতেন এই শিশুরাই একদিন মানুষের মতো মানুষ হবে। কাজেই তাদের প্রতি ভালোবাসা ছিল তাঁর অসাধারণ।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার শিশু নির্যাতন ও শিশু পাচার বন্ধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এ জন্য বিশেষ আইনও করেছে এবং স্কুলে যেন বাচ্চারা থাকে, সে জন্য স্কুলগুলোতে টিফিনেরও ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আজকের যে শিশু তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামীর দেশকে গড়ে তুলবে এবং জাতির পিতা সব সময় যেটা বলতেন, আমি সোনার বাংলা গড়তে চাই। সে জন্য আমার সোনার ছেলেমেয়ে দরকার।
প্রধানমন্ত্রী বলেন, আমি সবার কাছে আহ্বান জানাব, প্রত্যেক অভিভাবক ও শিক্ষক দেখবেন তাদের ছেলেমেয়ে কাদের সঙ্গে মেশে। তারা বিপথে যাচ্ছে কি না। কোনো রকম মাদকাসক্তি বা জঙ্গিবাদের পথে যাচ্ছে কি না, তা দেখবেন। ছেলেমেয়েরা স্কুলে অনুপস্থিত কি না, তা শিক্ষকেরাও লক্ষ রাখবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। এ সময় শিক্ষার্থীদের চরিত্র গঠনেও ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করেছি। তাই বলে কারও মধ্যে ধর্মান্ধতা যেন না আসে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে কোনো ধর্মই মানুষকে খুন করার কোনো অধিকার দেয়নি বলেও উল্লেখ করেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালেকা একাডেমি গোপালগঞ্জের পঞ্চম শ্রেণির ছোট্ট শিশু উপমা বিশ্বাস। অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির ছাত্র ফারিয়াদ মোহাম্মদ আব্দুল্লাহ স্বাগত বক্তৃতা করেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এক শ জনের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এবং কোমলমতি শিশু-কিশোর, অভিভাবক ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।