বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বঙ্গবন্ধু স্মৃতিভবন ও বঙ্গবন্ধু সংগ্রহশালার উদ্বোধন করেছেন। একই সঙ্গে তিনি সেখানে নির্মিত বঙ্গবন্ধুর একটি আবক্ষ মূর্তিও উন্মোচন করেছেন।কলকাতায় অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষের সামনে বেলা ১১টায় আবক্ষ মূর্তি উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী। এর পরই তিনি হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষ নিয়ে তৈরি বঙ্গবন্ধু সংগ্রহশালার উদ্বোধন করেন। বেকার হোস্টেল ছিল তত্কালীন ইসলামিয়া কলেজের মুসলিম শিক্ষার্থীদের ছাত্রাবাস। ইসলামিয়া কলেজের ছাত্র হিসেবে ১৯৪৫ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত বঙ্গবন্ধু এই ছাত্রাবাসের ২৪ নম্বর কক্ষে ছিলেন। বর্তমানে ইসলামিয়া কলেজের নাম মওলানা আজাদ কলেজ।দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে মওলানা আজাদ কলেজে এক অনুষ্ঠানে বেকার হোস্টেলের নবনির্মিত বর্ধিত ভবনকে ‘বঙ্গবন্ধু স্মৃতিভবন’ হিসেবে ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বানানো ৩০০ ছাত্রের অবস্থান উপযোগী এই ছাত্রাবাসের নামফলক উন্মোচন করেন দীপু মনি। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায় চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, পশ্চিমবঙ্গের পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী, সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী আবদুস ছত্তার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, মওলানা আজাদ কলেজের অধ্যক্ষ শুভাশীষ দত্ত প্রমুখ।বঙ্গবন্ধু স্মৃতিভবন উদ্বোধনের পর দীপু মনি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত, তত্কালীন থিয়েটার রোড বর্তমানে শেক্সপিয়ার এভিনিউ নামে পরিচিত। আর সেই ভবনটি ১৯৭২ সালের ১১ আগস্ট কেন্দ্রীয় সরকার অরবিন্দ আশ্রমকে দান করে।