বঙ্গবন্ধুর আরও দুটি বই বেরোবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরও দুটি বই প্রকাশের প্রস্তুতি চলছে। এর একটি আগরতলা ষড়যন্ত্র মামলা চলাকালে বঙ্গবন্ধুর বিভিন্ন লেখা ও ডায়েরি নিয়ে। অপরটি তাঁর চীন ও সুইডেন ভ্রমণ নিয়ে। দুই দেশেই বঙ্গবন্ধু গিয়েছিলেন বিশ্ব শান্তি পরিষদের সম্মেলনে যোগ দিতে। চীন সফর করেছেন দুবার। অসমাপ্ত আত্মজীবনীতে চীন সফরের কিছু বিবরণ থাকলেও পরবর্তী বইয়ে থাকছে বিস্তারিত। বইয়ের পাণ্ডুলিপি পরিমার্জন ও কম্পোজের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এ কথা জানিয়েছে।
আগরতলা ষড়যন্ত্র মামলা চলাকালে বঙ্গবন্ধুর লেখা ও ডায়েরি নিয়ে যে বইটি হচ্ছে সেটি আগামী ফেব্রুয়ারিতে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশের কথা রয়েছে। এতে বঙ্গবন্ধুর ১৯৬৮ সাল পর্যন্ত লেখালেখি থাকছে। তাঁর চীন ও সুইডেন সফর নিয়ে লেখা বইটি বের হতে পারে আগামী বছরের জুনে। বঙ্গবন্ধু রাজনীতিতে প্রচণ্ডভাবে ব্যস্ত থাকলেও ডায়েরি লিখতেন। তবে নিয়মিত নয়।
অসমাপ্ত আত্মজীবনীর পাণ্ডুলিপি পরিমার্জন ও সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও সাবেক সাংসদ বেবী মওদুদ এবং ইংরেজিতে বইটি অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম। পরবর্তী বই দুটির প্রস্তুতিপর্বের সঙ্গেও প্রধানমন্ত্রী, শামসুজ্জামান খান ও ফকরুল আলম যুক্ত আছেন। বেবী মওদুদ মৃত্যুর আগ পর্যন্ত এর সঙ্গে যুক্ত ছিলেন।
অসমাপ্ত আত্মজীবনীর মতো এ বই দুটিও একযোগে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত হবে। বাংলাদেশে বাংলা ও ইংরেজি সংস্করণ প্রকাশ করছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। বিদেশি সংস্করণটি করবে আন্তর্জাতিকভাবে খ্যাতনামা একাধিক প্রকাশনা প্রতিষ্ঠান। সব মিলিয়ে এ বই দুটি এক হাজার পৃষ্ঠার হতে পারে বলে জানিয়েছে প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রটি।
বঙ্গবন্ধুর প্রকাশিতব্য বই নিয়ে কাজ করছেন এ রকম একজন লেখক-সম্পাদক জানিয়েছেন, সম্প্রতি বঙ্গবন্ধুর আরও দুটি লেখা পাওয়া গেছে অস্ট্রেলিয়াপ্রবাসী এক বাঙালির কাছে। এ ছাড়া বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণের ইংরেজি অনুবাদ নিয়েও কাজ চলছে। এটি অনুবাদ করছেন সাংবাদিক সৈয়দ বদরুল আহসান।
উল্লেখ্য, ২০১২ সালে প্রকাশিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দেশে-বিদেশে ব্যাপক সমাদৃত হয়।