বঙ্গবন্ধুর আরেক নাম স্বাধীন বাংলাদেশ: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে সংবাদচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, আলোর মিছিল এবং দোয়া মাহফিল করেছে আওয়ামী লীগের সহযোগী ও সমর্থিত বিভিন্ন সংগঠন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে ‘বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী শুরু করেছে আওয়ামী যুবলীগ। চলবে পুরো আগস্ট মাস। এই প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর আরেক নাম স্বাধীন বাংলাদেশ। তিনি বলেন, ‘জাতির পিতা একটি আদর্শ। জাতির পিতার জন্ম না হলে হয়তো স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি তাঁর সমগ্র জীবন ব্যয় করেছেন। শুধু একটি দেশ তিনি স্বাধীন করেননি, তিনি আমাদের দিয়েছেন একটি পবিত্র সংবিধান। যে অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, আমাদের সংবিধানে তারই প্রতিফলন আমরা দেখতে পাই।’
এ ছাড়া ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের হত্যাকাণ্ড নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
১৫ আগস্ট উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, আওয়ামী লীগের আমলে, বিশেষ করে বঙ্গবন্ধুর আমলেই ইসলামের চর্চা সবচেয়ে বেশি হয়েছে।
এ ছাড়া ১৫ আগস্ট উপলক্ষে গতকাল সন্ধ্যায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠন আলোর মিছিল করে।