দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচারসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার নেত্রকোনা, শেরপুর ও জামালপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সকাল নয়টার দিকে নেত্রকোনা শহরের তেরীবাজার এলাকায় জেলা সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামছুজ্জোহা, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সেক্টর কমান্ডারস ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সীতাংশু বিকাশ আচার্য, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার মো. আইয়ুব আলী, অহিংস সমাজের সমন্বয়ক অধ্যাপক মানিক রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, মধু মাছি কচিকাঁচার মেলা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মুজিব অনুসারীসহ বিভিন্ন সংগঠন প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। সন্ধ্যায় যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নে জেলা সমন্বয় কমিটির কার্যালয়ে আলোচনা সভা হয়।
শেরপুর শহরের চকবাজার এলাকায় গতকাল সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া দিনব্যাপী বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। পরে একই স্থানে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সহসভাপতি মো. ফখরুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া প্রমুখ।
সকাল আটটার দিকে জামালপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন প্রমুখ।