বঙ্গবন্ধুর কন্যা হয়ে থাকলে ভেজাল বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, খাদ্যে ভেজাল বন্ধে প্রধানমন্ত্রীর ইচ্ছা ও আন্তরিকতাই যথেষ্ট।
আজ শনিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে খাদ্যে ভেজাল নিয়ে দীর্ঘ আলোচনা করার সময় রওশন এরশাদ এ কথা বলেন। এই প্রথম সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন তিনি।
রওশন এরশাদ বলেন, ‘আপনার মনের মধ্যে দরদ নেই। আপনি বঙ্গবন্ধুর কন্যা হয়ে থাকলে ভেজাল ও ফরমালিনের অপব্যবহার বন্ধ করেন। আপনি ইচ্ছা করলে এটা বন্ধ করতে পারবেন। আপনি ইচ্ছা করেন না কেন? এ দায়িত্ব এখন আপনার কাছে।’

খাদ্যে ভেজাল, পানি ও বায়ুদূষণের কথা উল্লেখ করে বিরোধী নেতা বলেন, ‘দেশটা তো শ্মশান হয়ে যাবে। আমরা বাঁচব কীভাবে? মানুষ না বাঁচলে ডিজিটাল বাংলাদেশ গড়বেন কীভাবে?’

রওশন বলেন, ‘যে পরিমাণ ফরমালিন আমরা খাচ্ছি, তাতে মরদেহ পচবে না। আমরা আউলিয়া হয়ে যাব। আমাদের দেহ পোকায়ও খাবে না। কারণ, খেলে পোকাও মরে যাবে।’

এ প্রসঙ্গে একটি উদাহরণ তুলে ধরে রওশন বলেন, একজন সাবেক বিচারপতি সিঙ্গাপুরে মারা গেছেন। হাসপাতাল তাঁর মরদেহ পরীক্ষা করে পচন ঠেকাতে কতটুকু ফরমালিন দেওয়া লাগবে, তা পরীক্ষা করে। এরপর জানায়, উনার মরদেহে যে পরিমাণ ফরমালিনের উপস্থিতি রয়েছে, তাতে তিন-চার বা পাঁচ বছরে তা পচবে না।

অর্থমন্ত্রীকে ‘সত্ ও দক্ষ’ বলে উল্লেখ করে রওশন বলেন, ‘উনার মতো মন্ত্রী থাকার পরও হল-মার্ক ও ডেসটিনির মতো ঘটনা কীভাবে ঘটল? ব্যাংকগুলো কেন দেউলিয়া হয়ে গেল? শেয়ারবাজারে ধস নেমে কেন ৩৫ লাখ বিনিয়োগকারী পথে বসল?’

এ অবস্থা চলতে থাকলে মানুষ অতীতের মতো মাটির নিচে টাকা রাখতে শুরু করবে বলে মন্তব্য করেন রওশন এরশাদ। বিনিয়োগে জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত এসব জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি হয়নি। যারা ধরা পড়েছে, তাদের সেভাবে আইনের আওতায় আনা হচ্ছে না। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে না পারলে, তাদের মনে ভয় না ঢুকলে এমন ঘটনা ঘটতেই থাকবে।
পররাষ্ট্র ক্যাডারে চাকরি করতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কমপক্ষে পাঁচটি ভাষা জানা দরকার বলে মত দেন রওশন এরশাদ। যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট নিয়ে প্রবাসী শ্রমিকদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি করেন রওশন। বিদেশি দূতাবাসাগুলোতে প্রবাসী শ্রমিকদের সমস্যার প্রতি গুরুত্ব দেওয়া হয় না বলে তিনি দাবি করেন।
পোশাকশ্রমিকদের ঠিকমতো মজুরি না দেওয়া, তাঁদের খাদ্য ও বাসস্থান নিয়ে মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই খাতটি নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে রক্ষা করেন।’
ভেজাল প্রসঙ্গে রওশন বলেন, মানুষ বাঁচার জন্য ওষুধ খায়। সেই ওষুধেও ভেজাল দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, বাইরে পাঠানো ওষুধের মান ভালো হলেও দেশের ওষুধে ভেজাল থাকবে কেন? তিনি বলেন, মানুষ তো আর মরার জন্য হাসপাতালে যায় না।
আম, জাম, লিচুসহ বিভিন্ন ফল এবং তেল, সবজি, মাছ, শুঁটকিসহ বিভিন্ন খাবারে ফরমালিন ও রাসায়নিক ব্যবহারের ঘটনাগুলো তুলে ধরে রওশন বলেন, ‘যারা এসব বিষ মেশাচ্ছে, তাদের কার, কী শাস্তি হলো—জানতে ইচ্ছা করে।’
অন্য নামে ফরমালিন আমদানির কথা উল্লেখ করে এই নেতা বলেন, অন্য নামে ১৭ হাজার টন ফরমালিন এসেছে। এটা তো জনগণের পেটেই গেছে। তিনি খাদ্যপণ্যে ভেজাল ও বিষ মেশানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করে আইন প্রণয়নের দাবি জানান।
প্রধানমন্ত্রীর উদ্দেশে রওশন বলেন, ‘বঙ্গবন্ধু ’৭৪ সালে এমন একটি কঠোর আইন করেছিলেন, আপনি পারবেন না কেন?’
বায়ুদূষণের ঘটনাগুলো উল্লেখ করে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে বলেন, ‘মুঘল সম্রাটরা রাতে ছদ্মবেশে বের হতেন। আপনি এক দিন রাতে সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহ যান। দেখবেন, কত আবর্জনা ও দুর্গন্ধ! ওই পথে যাওয়ার সময় অবাক হয়ে যাই।’
এ সময় প্রধানমন্ত্রী অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন। রওশনের পাশের আসনে বসা ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
কর্মসংস্থানের অভাবে যুবসমাজ নেশায় আসক্ত হচ্ছে এবং চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে তারা পড়ছে বলে উল্লেখ করেন রওশন এরশাদ। ঢাকা শহরের বস্তিগুলোকে অপরাধের আখড়া বলে উল্লেখ করে তিনি বলেন, কাজের সন্ধানে ঢাকায় এসে মানুষ বস্তিতে থাকছে। সেখানে অসামাজিক ও অনৈতিক কাজ হয়। মাদক ব্যবসা হয়। তিনি ঢাকাকে রক্ষা করতে চাইলে প্রশাসনকে ঢাকার বাইরে পাঠানো ও কার্যকর করার প্রস্তাব করেন। তিনি প্রত্যেক জেলায় হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনেরও দাবি জানান।
ঢাকার বাইরে কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে এই শহর বাঁচবে না বলেও মত দেন রওশন। ঢাকায় মেয়রের বদলে দায়িত্ব পালন করা প্রশাসকেরা ঠিকমতো কাজ করছেন না উল্লেখ করে তিনি বলেন, শহরে রাস্তাঘাটের অবস্থা খারাপ। জলাবদ্ধতা সমস্যা প্রকট। মানুষ নাকে কাপড় দিয়ে ঘোরে।