বঙ্গবন্ধুর কন্যা হয়ে থাকলে ভেজাল বন্ধ করেন: রওশন
খাদ্যে ভেজাল ও ফরমালিনের অপব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর ইচ্ছা ও আন্তরিকতাই যথেষ্ট৷
জাতীয় সংসদে বাজেট আলোচনায় খাদ্যে ভেজাল নিয়ে দীর্ঘ বক্তব্যে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রওশন বলেন, ‘আপনার মনে দরদ নেই। আপনি বঙ্গবন্ধুর কন্যা হয়ে থাকলে ভেজাল ও ফরমালিনের অপব্যবহার বন্ধ করেন। আপনি ইচ্ছা করলে এটা বন্ধ করতে পারবেন। আপনি ইচ্ছা করেন না কেন?’
খাদ্যে ভেজাল, পানি ও বায়ুদূষণের কথা উল্লেখ করে বিরোধী নেতা বলেন, ‘আমরা বাঁচব কীভাবে? মানুষ না বাঁচলে ডিজিটাল বাংলাদেশ গড়বেন কীভাবে? যে পরিমাণ ফরমালিন আমরা খাচ্ছি, তাতে মরদেহ পচবে না। আমরা আউলিয়া হয়ে যাব। আমাদের দেহ পোকায়ও খাবে না। কারণ, খেলে পোকাও মরে যাবে।’
একটি উদাহরণ তুলে ধরে রওশন বলেন, একজন সাবেক বিচারপতি সিঙ্গাপুরে মারা গেছেন। হাসপাতাল তাঁর মরদেহ পরীক্ষা করে পচন ঠেকাতে কতটুকু ফরমালিন দেওয়া লাগবে, তা পরীক্ষা করে। এরপর জানায়, উনার মরদেহে যে পরিমাণ ফরমালিনের উপস্থিতি রয়েছে, তাতে তিন-চার বছরে তা পচবে না।