বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন নতুন পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
গতকাল মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও খাদ্যপ্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তাঁরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে বিএনপির নেত্রী খালেদা জিয়ার মহা আন্দোলনের হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়া শুধু হুমকি-ধমকি দেন, লম্ফঝম্প দেন, যে আন্দোলনে মানুষের ভূমিকা থাকে না। তাঁর হুমকি-ধমকিই সার। জনগণ এ আস্ফালন পছন্দ করে না।’
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম সমুদ্রপথে মানব পাচারকারীদের প্রসঙ্গে বলেন, এসব প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যারা ঝুঁকি নিয়ে এ পথে পা বাড়ায়, তাদের সচেতনতার জন্য প্রচারণা চালানো হবে।