বঙ্গবন্ধুর কর্মসূচি অব্যাহত থাকলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেওয়া কর্মসূচি অব্যাহত থাকলে বাংলাদেশ শিগগিরই মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত হবে। গতকাল রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ (বিএফডিআর) আয়োজিত বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায় রাষ্ট্রপতি এ কথা বলেন। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন বিএফডিআরের মহাপরিচালক এম এ মোনায়েম সরকার।রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের সঙ্গে নেই, কিন্তু তাঁর আদর্শ জাতি গঠনে নতুন প্রজন্মকে চিরদিন অনুপ্রেরণা জোগাবে। এটা গোটা জাতির দুর্ভাগ্য যে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি দেশের অগ্রযাত্রা স্তব্ধ করে দিয়েছিল। তাঁর সোনার বাংলা গড়ার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল এবং কোটি কোটি মানুষ অভিভাবকশূন্য হলো। কিন্তু সাধারণ মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে এবং বঙ্গবন্ধুর খুনিদের বিচার দাবি করেছে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে।’রাষ্ট্রপতি বলেন, দেশাত্মবোধ ও মানবিক মূল্যবোধের মাপকাঠিতে বিচার করলে সারা বিশ্বে বঙ্গবন্ধুর মতো রাজনৈতিক নেতার সংখ্যা খুবই নগণ্য। তিনি বলেন, শোষিত, বঞ্চিত, অবহেলিত, অত্যাচারিত, অশিক্ষিত ও দরিদ্র মানুষের কল্যাণই ছিল বঙ্গবন্ধুর সারা জীবনের স্বপ্ন, সাধনা ও রাজনীতি।বিএফডিআর জাতির জনকের শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের আগস্ট মাসে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতার আয়োজন করে। এ বছর ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও ইন্দিরা গান্ধী সরকারের মন্ত্রী সিদ্ধার্থ শংকর রায় এ স্মারক বক্তৃতা প্রদান করেন। এই বর্ষীয়ান জননেতা স্বাস্থ্যগত কারণে উপস্থিত হতে না পারায় অনুষ্ঠানে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে তাঁর বক্তৃতা উপস্থাপন করা হয়।সিদ্ধার্থ শংকর রায় বলেন, মহাত্মা গান্ধী ও ইন্দিরা গান্ধীর মতো শেখ মুজিবুর রহমানকে এ উপমহাদেশের অন্যতম মহৎ নেতা হিসেবে মূল্যায়ন করা যেতে পারে। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান সবসময়ই সাধারণ জনগণের বৈধ অধিকারকে প্রাধান্য দিতেন। ফলে জনগণও তাঁর ওপর সর্বোচ্চ আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিল, যা বিশ্ব ইতিহাসে বিরল। কবীর চৌধুরী বলেন, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বাঙালির হূদয় থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে বারবার চেষ্টা করেছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কারণ বঙ্গবন্ধু আজও জনগণের হূদয়ে দেদীপ্যমান। তিনি বলেন, আব্রাহাম লিংকনের ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণ ও মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ এ ড্রিম’ ভাষণের মতোই বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ মূল্যায়িত হয়। বাসস।