বঙ্গবন্ধুর কাছে উৎসুক দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোর এসেছিল মেঘলা হয়ে, সময় একটু গড়াতেই ভারী বর্ষণ। এ বৃষ্টি থামবে কি না, সংশয় ছিল; কিন্তু দুপুর পার হতেই দিব্যি মেঘের সঙ্গে লুকোচুরি খেলা সূর্যের উপস্থিতি দৃশ্যমান হয়। গতকাল শুক্রবার বেলা তিনটা থেকে দর্শকদের জন্য উন্মুক্ত ছিল ‘চিত্রগাঁথায় শোকগাথা’ প্রদর্শনীটি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেটা শুরু হয়েছে বৃহস্পতিবার। আজ শোকাবহ দিনটিতে তা শেষ হবে। প্রদর্শনীটির আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
দূর থেকেই দেখা গেল দক্ষিণ প্লাজায় উৎসুক দর্শকের আনাগোনা। এদেরই একটি দল এইমাত্র ছবি দেখা শেষে বের হয়েছে। বিদেশি। নিজেদের ভাষায় কথা বলছে। দু-একজনের সঙ্গে কথা বলতে গিয়ে হোঁচট খেলাম। এড়িয়ে যেতে চাইছেন যেন! ব্যাপারটা পরিষ্কার হলো যখন তাঁদেরই একজন এগিয়ে এসে বললেন, ‘আমাকে বলুন। ওরা ইংরেজি জানে না। আমার নাম লি।’
‘দেখলেন প্রদর্শনী?’
‘দেখলাম। খুব ভালো লাগল। আপনাদের দেশের স্থপতিকে নিয়ে আয়োজন। দারুণ!’
‘আপনারা কোন দেশ থেকে এসেছেন?’
‘চীন থেকে। আমরা সবাই প্রকৌশলী। এ দেশে কারখানা করার সম্ভাব্যতা যাচাই করতে এসেছি।’
ওঁরা চলে যাওয়ার পর দক্ষিণ প্লাজার দিকে এগিয়ে যাই। সিঁড়ি দিয়ে ওঠার আগেই সত্তর দশকের পত্রিকায় বঙ্গবন্ধুর ছবি ও প্রতিবেদনগুলো দেখা যাচ্ছে। সেগুলো পড়ছে উৎসাহী পাঠক।
বৃষ্টির আশঙ্কা আছে জেনেও বেলা সাড়ে তিনটার মধ্যেই উৎসুক অনেককেই দেখা গেল।
বাগান পরিচর্যারত বঙ্গবন্ধুর ছবি দেখছিলেন ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে পড়া শামীম আহমেদ। বললেন, ‘অনেক দূর থেকে এসেছি। ছবিতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন দেখার খুব আগ্রহ ছিল। তাই এসেছি। এসে অনুপ্রাণিত হয়েছি।’
বঙ্গবন্ধুর কোলে জয় আর পুতুলের ছবি দেখছিলেন বেলাল হোসেন। জানালেন, পত্রিকায় এই প্রদর্শনীর কথা শুনেই ঠিক করেছিলেন আসবেন। বললেন, ‘মনে হচ্ছে আমার সামনে বঙ্গবন্ধুই বুঝি দাঁড়িয়ে আছেন! বড় ভালো মানুষ ছিলেন তিনি।’
কমলা টি-শার্ট গায়ে মিরপুর ১ নম্বর থেকে দুই শিশু এসেছে বাবার সঙ্গে। মাহের আর নিবিড়। কেন এসেছে জিজ্ঞেস করতেই মাহের বলল, বঙ্গবন্ধুর ছবি দেখতে। নিবিড় বেশ স্মার্টভাবে প্রশ্ন করল আমাকেই, ‘কাল জাতীয় শোক দিবস, তুমি জানো না?’
কোন ছবিটা ওদের পছন্দ হয়েছে জানতে চাইলে ওরা ১৯৭৪ সালে বঙ্গভবনে একটি চেয়ারে বসা বঙ্গবন্ধুর ছবি দেখিয়ে দিল।
রুবি হোসেন গর্ব করে বললেন, ‘আমার স্বামী মুক্তিযোদ্ধা। মেয়েকে নিয়ে এসেছি। ও ছবি তুলছে।’ শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিম বঙ্গবন্ধুকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন—এ রকম একটি ছবির সামনে দাঁড়িয়ে তিনি বললেন, ‘অনেক ছবিই আগে দেখিনি। কিছু ছবি দেখেছি। তাই এখানে আসার আগ্রহ তো ছিলই।’
মঞ্চে তখন বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি চলছে। এই মেঘ এই রোদ্দুর—এ রকম একটি প্রসন্ন বিকেলে এখানে আসছে দর্শক। ইন্দিরা গান্ধী, ফিদেল কাস্ত্রোর মতো আন্তর্জাতিক রাজনীতিবিদদের পাশাপাশি বঙ্গবন্ধুর আটপৌরে জীবনেরও অসংখ্য ছবি আছে এখানে। বক্তৃতারত কিংবা নেতা বা কর্মীদের সঙ্গে আলাপরত বঙ্গবন্ধুর ছবি রয়েছে অনেকগুলো। হেলিকপ্টার থেকে নামছেন, এমন একটি ছবির সামনে তন্ময় হয়ে দাঁড়িয়ে রয়েছে দুটি পুতুলের মতো মেয়ে। একটি ছবিতেই শুধু দেখা গেল শার্ট ইন করে টেলিফোনে কথা বলছেন বঙ্গবন্ধু। বাকি প্রায় সব ছবিতেই মুজিব কোট, পাঞ্জাবিই তাঁর পোশাক।
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেওয়ার, তাঁকে ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র চলেছিল অনেকগুলো বছর ধরে। কিন্তু এই বিশাল মাপের ক্যারিশমাটিক নেতা যে এই জাতির মনের মণিকোঠায় চিরঞ্জীব, সে কথা বোঝেনি দুর্বৃত্তরা। তাই, তাঁর প্রতি এখনো নতুন প্রজন্মের মানুষের আগ্রহ বাড়ছে—এটা কোনো কল্পিত কথা নয়, অমোঘ সত্য; তারই এক প্রকাশ দেখা গেল এই প্রদর্শনীতে।