বঙ্গবন্ধুর কারাগারের দিনলিপি নিয়ে নতুন বই

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বাংলা একাডেমি তাঁর কারাগারের দিনলিপি নিয়ে নতুন বই প্রকাশ করেছে। বইটির নাম কারাগারের রোজনামচা। ১৯৬৬ থেকে ১৯৬৮ কালপর্বের কারাস্মৃতি এই গ্রন্থটিতে স্থান পেয়েছে।
বইটি প্রকাশের বিষয়ে বাংলা একাডেমি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই গ্রন্থটি ইতিপূর্বে প্রকাশিত অসমাপ্ত আত্মজীবনীর (২০১২) দ্বিতীয় খণ্ড নয়, এটি বঙ্গবন্ধুর সম্পূর্ণ নতুন গ্রন্থ। ১৯৬৯ সালে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দেওয়ার সময় তৎকালীন পাকিস্তান সরকার কারাগারে তাঁর লেখা দুটি ডায়েরি জব্দ করে। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং পুলিশের বিশেষ শাখার সহায়তায় উদ্ধারকৃত একটি ডায়েরির গ্রন্থরূপ, বাংলা একাডেমি প্রকাশিত এই কারাগারের রোজনামচা।’
৩৩২ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৪০০ টাকা। শিল্পী রাসেল কান্তি দাশ অঙ্কিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবলম্বনে গ্রন্থটির প্রচ্ছদ ও নকশা করেছেন তারিক সুজাত।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান গত বুধবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা এবং ছোট মেয়ে শেখ রেহানার কাছে এই গ্রন্থের কপি হস্তান্তর করেন। শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, কারাগারের রোজনামচা বইটি আজ শুক্রবার থেকে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।