বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে সরকারের তত্পরতা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয় এ জন্য যৌথভাবে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। গতকাল বুধবার এই তিন মন্ত্রণালয় প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছে। তবে বৈঠকের আলোচনা সম্পর্কে কেউ কোনো মন্তব্য করেননি।সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের উপস্থিতিতে এ বৈঠকে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য সাংবাদিকদের বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে সরকারের তত্পরতা অব্যাহত আছে। খুনিরা কোথায় আছেন বা তাঁদের কোনো সন্ধান সরকার পেয়েছে কি না—এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৌশলগত কারণেই তা বলা যাবে না।প্রসঙ্গত, পলাতক খুনিদের মধ্যে নূর চৌধুরী কানাডায় আদালতের হেফাজতে রয়েছেন। অন্যদের মধ্যে আবদুর রশিদ, রিসালদার মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী, শরিফুল হক ডালিম ও আবদুল মাজেদ কোথায় আছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য সরকারের কাছে নেই। তবে তাঁদের সন্ধান পেতে সরকার ইতিমধ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে। ইন্টারপোল বিশ্বের বিভিন্ন দেশে তাদের প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারকে এ তথ্য জানিয়েছে।