বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মধ্যে দুজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে সরকার। এর মধ্যে নূর চৌধুরী কানাডা ও রাশেদ চৌধুরী আমেরিকায় রয়েছেন। বিদেশে পলাতক খুনিদের ফিরিয়ে আনতে গঠিত টাস্কফোর্সের দ্বিতীয় সভায় গতকাল বুধবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। সচিবালয়ে আইনমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠক শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুনিরা কোথায় আছেন বা তাঁদের কোনো সন্ধান সরকার পেয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কৌশলগত কারণেই তা বলা যাবে না। তবে নূর চৌধুরী কানাডায় রয়েছেন। তাঁর দায়ের করা মামলার মধ্যে এখন শুধু মানবাধিকারসংক্রান্ত একটি মামলার শুনানি চলছে। বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, খুনি রাশেদ চৌধুরী আমেরিকায় অবস্থান করছেন বলে সে দেশের সরকার বাংলাদেশ সরকারকে নিশ্চিত করেছে বলে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আইনমন্ত্রী বলেন, পলাতক খুনিদের কী প্রক্রিয়ায় ফিরিয়ে আনা যাবে তার আইনগত বা অন্যান্য কী সুযোগ আছে তা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। কূটনৈতিক প্রক্রিয়ায় সবকিছু এগোচ্ছে বলে তিনি জানান। আইনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, আইনসচিব আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরা। প্রসঙ্গত, পলাতক খুনিদের মধ্যে আবদুর রশিদ, রিসালদার মোসলেম উদ্দিন, শরিফুল হক ডালিম ও আবদুল মাজেদ কোথায় আছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য সরকারের কাছে নেই। তবে তাঁদের সন্ধান পেতে সরকার ইতিমধ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে। ইন্টারপোল বিশ্বের বিভিন্ন দেশে তাঁদের প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারকে এ তথ্য জানিয়েছে।