যুক্তরাষ্ট্রে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিকে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দিতে সে দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে থাকে, তাহলে সে দেশে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশ সরকারের কাছে ফেরত দিন।’
গতকাল বুধবার রাজধানীতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে জেলহত্যা দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শিক্ষা নিন’—বিএনপির নেতাদের এমন আহ্বানের বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারাও সে দেশের নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করুন। কারণ, সে দেশে ক্ষমতাসীন দলের অধীনে ট্রাম্প নির্বাচন করে বিজয়ী হয়েছেন। আপনারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করুন। যুক্তরাষ্ট্রে যদি ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে কেন হবে না? তাই বিএনপি নেতাদের বলি, যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে আপনারা শিক্ষা নিয়ে ২০১৯ সালের নির্বাচনে অংশগ্রহণ করুন। জনগণ যাদের সমর্থন দেবে, তারাই বিজয়ী হবে।’
স্বাচিপের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা প্রমুখ।