বঙ্গবন্ধুর খুনিকে ফেরত পাঠানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে পদক্ষেপ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসার জন্য হিলারি ক্লিনটনকে ধন্যবাদ জানান। তাঁর এই সফরে দুই দেশের মধ্যকার বিরাজমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্রিংয়ের সময় বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বিনিয়োগ আলোচনায় স্থান পেয়েছে। বৈঠকে হিলারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারি চুক্তির প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে উল্লেখ করেন।প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত তৈরি পোশাকের প্রবেশ বাংলাদেশের নারীদের জীবনযাত্রার মান উন্নত করবে। এতে নারী পাচার বন্ধ হবে এবং তাদের কল্যাণ নিশ্চিত করবে।প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে স্বাস্থ্য, খাদ্য, জলবায়ু পরিবর্তনসংক্রান্ত জিএইচআই প্লাসে আটটি দেশের একটি হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ওবামা প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি ধর্মনিরপেক্ষতা, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘আইনের শাসন ও মানবাধিকারে আমরা বিশ্বাসী বলেই ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচারের চেষ্টা করছি।’শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকার জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।’ তিনি বলেন, সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করতে সন্ত্রাস দমন আইন সংশোধন করা হয়েছে। তিনি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, পরবর্তী পাঁচ বছরের জ্বালানি চাহিদা মেটাতে ১২ বিলিয়ন মার্কিন ডলারের সহযোগিতা প্রয়োজন।এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা উপস্থিত ছিলেন।