বঙ্গবন্ধুর খুনিকে হস্তান্তরের বিষয় বিবেচনার আশ্বাস কানাডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি নূর চৌধুরীকে হস্তান্তরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে কানাডা।

কানাডা সফররত বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহিদুল হকের সঙ্গে এক বৈঠকে দেশটির পররাষ্ট্রবিষয়ক সিনিয়র অ্যাসিসটেন্ট ডেপুটি মন্ত্রী পিটার বোহেম এ কথা বলেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয় বলে বাসস জানিয়েছে।

বৈঠকে পররাষ্ট্রসচিব বঙ্গবন্ধুর হত্যাকারী মৃত্যুদণ্ড পাওয়া নূর চৌধুরীকে প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন। তিনি এই পলাতক খুনিকে বাংলাদেশ সরকারের হাতে হস্তান্তরের জন্য কানাডা সরকারকে অনুরোধ জানান।

জবাবে দেশটির পররাষ্ট্রবিষয়ক সিনিয়র অ্যাসিসটেন্ট ডেপুটি মন্ত্রী বলেন, কানাডা সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।

বৈঠকে তৈরি পোশাক খাত, ২০১৩ সাল–পরবর্তী উন্নয়ন এজেন্ডা, উগ্রবাদের উত্থান, মৌলবাদ প্রতিরোধ ব্যবস্থা ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

কানাডা কমনওয়েলথ ও জাতিসংঘের প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ও ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডায় বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

পরে শহীদুল হক কানাডার সঙ্গে বাংলাদেশের উন্নয়ন অংশীদারত্বের বিষয়ে দেশটির অ্যাসিসটেন্ট ডেপুটি মন্ত্রী সুসান গ্রেগসনের সঙ্গে বৈঠক করেন। গ্রেগসন বলেন, বাংলাদেশ কানাডার উন্নয়ন সহায়তার আওতাভুক্ত একটি দেশ। বিশেষ করে এই সহায়তা মাতৃ ও শিশু স্বাস্থ্য, শিক্ষা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রকল্প ইত্যাদি খাতে বিদ্যমান রয়েছে।

এর আগে আজ সকালে পররাষ্ট্রসচিবের সঙ্গে কানাডার বাণিজ্যবিষয়ক ডেপুটি মন্ত্রী ক্রিস্টিয়ান হোগানের বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বর্তমান অবস্থা ও এর সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে শহীদুল হক বাংলাদেশ থেকে জাহাজ নির্মাণ, হালকা প্রকৌশল, সিরামিক, ওষুধ, ইলেকট্রনিকস ও আইটিসহ অন্যান্য পণ্যের রপ্তানি বাড়াতে কানাডা সরকারকে অনুরোধ জানান।
পররাষ্ট্রসচিব বাংলাদেশে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ বিনিয়োগ পরিবেশের উল্লেখ করে কানাডার সঙ্গে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও নিরাপত্তা চুক্তির ওপর গুরুত্বারোপ করেন।

এসব বৈঠকে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার কামরুল আহসান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।