বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতা দেশের সমালোচনায় কৃষিমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের আশ্রয়দাতা দেশগুলোর সমালোচনা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় মতিয়া চৌধুরী এ সমালোচনা করেন। শেখ রাসেল দাবা ক্লাব এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় কৃষিমন্ত্রী প্রশ্ন তোলেন, যদি আমেরিকার প্রেসিডেন্ট কেনেডির হত্যাকারী কেউ বাংলাদেশে থাকত, তাহলে তারা কি বাংলাদেশকে ছেড়ে কথা বলত?
কানাডাসহ যেসব দেশে বঙ্গবন্ধুর খুনিরা আছেন, সেসব দেশের জনগণ ও সরকারের উদ্দেশে প্রায় একই ধরনের প্রশ্ন রাখেন মন্ত্রী।
মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশের জাতির জনকের হত্যাকারীদের আশ্রয়দাতা দেশগুলো লম্বা লম্বা কথা বলে। তাদের ‘মানবাধিকার’ নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। খুনিদের বিচার দাবি করেন তিনি।
১৪ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বঙ্গবন্ধুর খুনিদের একজন এ এম রাশেদ চৌধুরীকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র। আরেক খুনি মোসলেম উদ্দিনও যুক্তরাষ্ট্রে আছেন। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়ে পাননি। আর মৃত্যুদণ্ডবিরোধী অবস্থানের কারণে নুর চৌধুরীকে বাংলাদেশের কাছে ফেরত দেবে না কানাডা। আত্মস্বীকৃত ছয় খুনির অপর তিনজন খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম ও আবদুল মাজেদ কোথায় আছেন, তা সরকার জানে না।