
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে আশ্রয়দাতা দেশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুজন খুনি পাকিস্তানে আছে বলে শোনা যায়, কিন্তু তাদের খোঁজ করার ক্ষেত্রে পাকিস্তান সরকার সহযোগিতা করছে না।
গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকারি দলের সাংসদ আবদুস শহীদের সম্পূরক প্রশ্নের জবাবে সংসদনেতা বলেন, ‘আমরা অনেকবার আশ্রয়দাতা দেশের সরকারের সঙ্গে যোগোযাগ করেছি। কিন্তু কোনো সহযোগিতা পাচ্ছি না। ওই সব দেশ সম্মত হলে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে পারব।’ তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে থাইল্যান্ড সরকারের সহযোগিতায় একজনকে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হয়েছে। বাকি খুনিদের মধ্যে দুজন আমেরিকায় আছে, একজন কানাডায় আর দুজন লিবিয়ায় ছিল, সম্ভবত এখন পাকিস্তানে আছে। বাকি দুজন কোথায় আছে খোঁজ পাওয়া যাচ্ছে না।
বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দেওয়ার বিষয়টি পাকিস্তান স্বীকার করে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কিছু ঘটনার মাধ্যমে জানি, যেমন চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা যে চালায়, সেই জিল্লুর কর্নেল রশীদের ইন্টারভিউ করে নিয়ে এসেছিল। তার মানে সে জানে রশীদ কোথায়। এতে বোঝা যায় রশীদ লিবিয়াতে ছিল, এখন পাকিস্তানে আছে। ডালিমও পাকিস্তানে আছে। কিন্তু খোঁজ করার ক্ষেত্রে পাকিস্তান সরকারের সহযোগিতা পাচ্ছি না।’
এর আগে ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ৩০ জুলাই আমি ও রেহানা জার্মানিতে যাই। ১৫ দিনের মাথায় হঠাৎ শুনি, আমরা দুই বোন এতিম হয়ে গেছি। নিঃস্ব, রিক্ত হয়ে গেছি। দেশে ফেরার পর আমাকে ৩২ নম্বরের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি জিয়াউর রহমান ধানমন্ডির বাড়ি ও ৩২ নম্বর সড়কের নম্বরও বদলে দেয়।’
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়।