জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছে ছাত্রলীগ। গতকাল রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী, লক্ষ্মীপুর ও টেকনাফে মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনের নেতা-কর্মীরা। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে বঙ্গবন্ধুর ছয়জন পলাতক খুনি রিসালদার (অব.) মোসলেহ উদ্দিন, এস এইচ এম বি নুর চৌধুরী, খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, আবদুল মাজেদ, এবং এ এম রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানানো হয়। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
গতকাল সকালে ফেনী শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে ছাত্রলীগ মানববন্ধন করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাবেদ হায়দার। সঞ্চালনায় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহসভাপতি জিয়া উদ্দিন, শওকত আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকরাম উদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ফেনীর পাশাপাশি সোনাগাজী, দাগনভূঞাসহ জেলার বিভিন্ন উপজেলায় এই কর্মসূচি পালিত হয়।
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মহসিন কবির প্রমুখ। মানববন্ধন শেষে কলেজের অধ্যক্ষের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
কক্সবাজারের টেকনাফের জিরো পয়েন্ট এলাকায় একই দাবিতে মানববন্ধন করে ছাত্রলীগ। মানববন্ধন শেষে টেকনাফের ইউএনও মো. জাহিদ হোসেন ছিদ্দিকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়।