বঙ্গবন্ধুর খুনিদের প্রত্যর্পণে বিদেশে জনমত গঠন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার মন্ট্রিলে শনিবার আওয়ামী লীগের কানাডা শাখা আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা
কানাডার মন্ট্রিলে শনিবার আওয়ামী লীগের কানাডা শাখা আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা

বঙ্গবন্ধুর খুনিদের প্রত্যর্পণে জনমত গঠন করতে কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার মন্ট্রিলে সেন্টার মন্ট-রয়েলের সম্মেলনকক্ষে গত শনিবার রাতে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগের কানাডা শাখা এই সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি সভ্য দেশ অভিযুক্ত কোনো খুনিকে কীভাবে আশ্রয় দেয়?’ দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের সামনে এই দাবি রেখে যাচ্ছি, যে দেশে আপনারা বসবাস করছেন, সেই দেশের জনপ্রতিনিধিদের চিঠি লিখুন। এই চেতনা জাগ্রত করুন, কেন এসব দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের আশ্রয় দিচ্ছে?’
শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা যত দূর জানি, বঙ্গবন্ধুর এক খুনি যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে। একজন কানাডায়, দুজন পাকিস্তানে এবং অপর দুজন কোথায় আছে সন্ধান পাওয়া যায়নি। আমরা তাদের আটকের জন্য খুঁজছি।’ তিনি বলেন, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারকে বলেছে, কেন তারা খুনিদের লালন করছে এবং আশ্রয় দিচ্ছে? তারা বলেছে, কানাডার সংবিধানে উল্লেখ আছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ থাকলে তাঁকে তাঁর দেশে ফেরত পাঠাবে না। এটি কী ধরনের কথা? এর অর্থ হলো, যে দেশে মৃত্যুদণ্ডের বিধান নেই, সেই দেশ হত্যাকারীদের নিরাপদ আশ্রয়স্থল।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সরকার বাধার সম্মুখীন হয়েছে। স্বাধীনতাযুদ্ধকালে যারা ৩০ লাখ মানুষকে হত্যা করেছে এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে, সেই ঘৃণ্য খুনিদের বিচার বন্ধের জন্য অনেক বড় জায়গা থেকে তিনি টেলিফোন পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তাদের বলেছি, আমাদের বিচারব্যবস্থা স্বাধীন এবং আইন অনুযায়ী রায় কার্যকর হবে।’
প্রধানমন্ত্রী বলেন, যারা গুলশানে হামলা চালিয়েছে তারা কানাডা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও অন্যত্র পড়াশোনা করেছে। সবাই আশা করে, যারা বিদেশে পড়াশোনা করছে তারা উদার মনের হবে। এখন মনে প্রশ্ন দেখা দিয়েছে, কীভাবে তারা চরমপন্থায় এবং ইসলামের অপব্যাখ্যার সঙ্গে যুক্ত হলো?
শেষ হলো জিএফ সম্মেলন: বিশ্বের সবচেয়ে ভয়ংকর তিনটি রোগ এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধে গ্লোবাল ফান্ডকে ১ হাজার ৩০০ কোটি ডলার অনুদান দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)।
কানাডার প্রধানমন্ত্রী জান্টিন ট্রুডো বিকেলে আইসিএওর সদর দপ্তরের অ্যাসেম্বলি হলে সমাপনী অধিবেশনে বিশ্বনেতাদের এই বিপুল অঙ্কের অনুদানের অঙ্গীকারের কথা ঘোষণা করে বলেন, এর ফলে গোটা বিশ্বে ৮০ লাখ লোকের জীবন রক্ষা পাবে। গ্লোবাল ফান্ড হচ্ছে এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধ এবং চিকিৎসা কার্যক্রমসংশ্লিষ্ট বিশ্বের প্রধান অর্থদাতা সংস্থা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে সম্মেলনের সমাপনী অধিবেশনে যোগ দেন।
সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার কানাডায় যান শেখ হাসিনা। সেই দেশে চার দিনের সফর শেষ করে গতকাল রোববার তাঁর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার কথা ছিল। সেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দেবেন। ২৬ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।