বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর পাঁচ পলাতক খুনিকে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। যুক্তরাষ্ট্র ও কানাডা ছাড়াও পাকিস্তান ও ভারত (সম্ভাব্য অবস্থান) থেকে এই অপরাধীদের ফিরিয়ে আনতে আইনি পরামর্শক নিয়োগ ও কূটনৈতিক তৎপরতা জোরদার করাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। এ উদ্যোগের অংশ হিসেবে তাঁদের আঙুলের ছাপ জোগাড় করার চেষ্টা করা হবে।দণ্ড কার্যকর করতে পলাতক খুনিদের ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের ১৬ জুনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করাতে আইনি পরামর্শক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দেওয়া হয়েছে। দেশটির সঙ্গে বাংলাদেশের বন্দীবিনিময় চুক্তি না থাকায় তারা রাশেদ চৌধুরীকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ ছাড়া কানাডায় অবস্থানরত নূর চৌধুরীর বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিয়ে সে সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে সংশ্লিষ্ট রাষ্ট্রদূতকে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পলাতক দণ্ডিত যেসব সেনা কর্মকর্তা স্বাধীনতার আগে পাকিস্তানের কাকুল সামরিক একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত, তাঁদের আঙুলের ছাপ সংগ্রহের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সভায় সিদ্ধান্ত হয়। সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগদানকারী স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারকেও এ বিষয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করতে দায়িত্ব দেওয়া হয়। খুনি শরিফুল হক ডালিম পাকিস্তানে অবস্থান করছেন বলে সরকারের ধারণা। এ ছাড়া পেশোয়ারের একটি সামরিক স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত রিসালদার মোসলেহ উদ্দিনের আঙুলের ছাপও সংগ্রহ করার ব্যবস্থা নিতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। ওই সভায় জানানো হয়, রিসালদার মোসলেহ উদ্দিন ও আবদুল মাজেদ ভারতের পূর্বাঞ্চলের সাত রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রশিক্ষকের কাজ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। এ ছাড়া পলাতক আবদুর রশিদের জমিজমা, ব্যবসা-বাণিজ্যে সংশ্লিষ্টতা ও বিদেশে যাতায়াত সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়।এ বিষয়ে জানতে চাইলে টাস্কফোর্সের সভাপতি ও আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ খুনিরা কোথায় আছেন বা তাঁদের কোনো সন্ধান সরকার পেয়েছে কি না, এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কৌশলগত কারণে তা বলা যাবে না। তবে নূর চৌধুরী কানাডায় রয়েছেন। সেখানে তাঁর দায়ের করা একাধিক মামলার মধ্যে এখন শুধু মানবাধিকারসংক্রান্ত একটি মামলার শুনানি চলছে। আইনমন্ত্রী বলেন, পলাতক খুনিদের ফিরিয়ে আনতে আইনগত বা অন্য যেসব সুযোগ রয়েছে, সেগুলো ব্যবহার করা হবে। সবকিছু কূটনৈতিক প্রক্রিয়ায় এগোচ্ছে বলে জানান তিনি।