
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার শোক দিবস পালিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করে।
এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, কাঙালিভোজ, শোক র্যালি, মসজিদে বিশেষ মোনাজাত, শিক্ষার্থীদের মধ্যে নানা রকম প্রতিযোগিতা ইত্যাদি। বিভিন্ন স্থানে আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার দাবি জানান।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
কুমিল্লা: জেলা ও মহানগর এবং বরুড়া উপজেলা আওয়ামী লীগের বিবদমান তিনটি পক্ষ আলাদাভাবে দিবসটি পালন করেছে। কুমিল্লা নগরের রামঘাটে দলীয় কার্যালয়ে সকাল থেকে জুমার নামাজের আগ পর্যন্ত মহানগর আওয়ামী লীগ ও নামাজের পর জেলা আওয়ামী লীগ শোক দিবসের অনুষ্ঠান করে। তবে সব পক্ষই কাঙালিভোজের আয়োজন করে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আ হ ম মুস্তফা কামাল।
ময়মনসিংহ: সকালে শহরে শোকর্যালি বের করা হয়। দুপুরে শহরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এদিকে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য মোহীত উল আলম।
সিলেট: সিলেট পুলিশ লাইনের শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। পরে অর্থমন্ত্রী জালালাবাদ গ্যাস মিলনায়তনে নগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন।
লক্ষ্মীপুর: সকাল সাড়ে নয়টায় শোকর্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা আওয়ামী লীগের নেতা আ ন ম ফজলুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সামছুল ইসলাম, এ কে এম টিপু সুলতান, এম আলাউদ্দিন, মিজানুর রহিম প্রমুখ। এ ছাড়া মান্দারী বাজারে আলোচনা সভা ও কাঙালিভোজের আয়োজন করা হয়।
নোয়াখালী: মসজিদ, মক্তবে বিশেষ দোয়া এবং মন্দির, গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়। এ ছাড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীতে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ (সুবর্ণচর-সদর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী।
ফেনী: জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুমায়ুন কবির খোন্দকার। বক্তব্য দেন স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত আসনের সাংসদ জাহানারা বেগম, পুলিশ সুপার পরিতোষ ঘোষ প্রমুখ।