বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে দণ্ড নিশ্চিতের দাবি

বিদেশে থাকা বঙ্গবন্ধুর হত্যাকারীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল বুধবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে ঐক্য পরিষদের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক বলেন, এখন পুরোহিত, যাজক ও ভিক্ষুদের হত্যা করা হচ্ছে। এমনকি ঈদের জামাতেও হামলা হচ্ছে। প্রধানমন্ত্রীর ডাকে এখন প্রতিরোধ কমিটি হচ্ছে। সব ধর্মের মানুষের সমমর্যাদা রক্ষা করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বলেন, সাম্প্রদায়িক অপশক্তি আইএস পরিচয়ে দেশের মানুষকে সন্ত্রস্ত করার চেষ্টা করছে। তবে প্রধানমন্ত্রী উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। তিনি সাম্প্রদায়িক বিদ্বেষ ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল বলেন, একাত্তরে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকারী যাঁরা পালিয়ে আছেন, তাঁরাই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এঁরাই পুরোহিত-যাজকদের হত্যা করছেন। তাই বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করলেই জঙ্গিবাদ নির্মূল করা যাবে।
দুর্গাপূজার আগে দেশের মন্দিরগুলোতে নিরাপত্তা দেওয়ার দাবি জানান ঐক্য পরিষদের নেত্রী পদ্মাবতী দেবী। কর্মসূচি চলাকালে আরও বক্তব্য দেন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি, পরিষদের নেত্রী স্বপ্না বিশ্বাস। মানববন্ধনে ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।