বঙ্গবন্ধুর বিদেশে পালিয়ে থাকা হত্যাকারীদের অবিলম্বে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে আয়োজিত শোকসভায় এ দাবি জানানো হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আ ব ম ফারুক। শিক্ষকদের একাংশের দাবির মুখে সাধারণ সম্পাদক অহিদুজ্জামানের পরিবর্তে সভাপতি সঞ্চালনার দায়িত্বও পালন করেন।সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু একটি শোষণমুক্ত বিভেদহীন সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে। নারীশিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর নেওয়া উদ্যোগ আরও বিস্তৃত করার প্রয়াসের জন্য বর্তমান সরকারকে সাধুবাদ জানান তাঁরা। সভায় সমিতির যুগ্ম সম্পাদক সাবিতা রেজোয়ানা, সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, নীল দলের আহ্বায়ক এস এম ইমামুল হক, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।