বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ​ছিল জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ক্যাম্পাসে শোক র‍্যালি বের করে l ছবি: প্রথম আলো
গতকাল ​ছিল জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ক্যাম্পাসে শোক র‍্যালি বের করে l ছবি: প্রথম আলো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক মিছিল, র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার সারা দেশে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন। তবে নাটোরে শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: সকালে নগরের কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। এ ছাড়া এ উপলক্ষে শোক মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান।
জয়পুরহাট: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালি বের করা হয়। এ ছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও আলোচনা সভা হয়েছে। দিবসটিতে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদও পৃথক কর্মসূচি পালন করেছে। রেড ক্রিসেন্ট জয়পুরহাট ইউনিট স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং জেলা শিশু একাডেমী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
নীলফামারী: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোকসভা ও এতিমদের মাঝে খাদ্য বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ ছাড়া জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক শোক র্যালি বের করা হয়।
রংপুর: সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ দিবসটিতে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ নানা সংগঠন চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিকেল কলেজ, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
আদমদীঘি (বগুড়া): নওগাঁয় শোক র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি পালন করে। এ ছাড়া জেলার ১০টি উপজেলায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
নাটোর: দিবসটিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ সরকারি গণগ্রন্থাগারে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা হয়। পরে শহরে র্যালি বের করা হয়। কিন্তু বেলা ১১টার দিকে নাটোর এনএস সরকারি কলেজে শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে।