বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি
শোকর্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এসব কর্মসূচিতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধুকে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবি জানানো হয়। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শোকর্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্রদের জন্য ভোজের আয়োজন করা হয়।
সাতক্ষীরা: সাতক্ষীরায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, শোকর্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিরঞ্জীব বঙ্গবন্ধু শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন, রক্তদান, যুবঋণের চেক বিতরণ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
কুষ্টিয়া: সকালে শহরের মজমপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। প্রতিটি ইউনিয়নে দরিদ্রদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে আওয়ামী লীগ।
ইসলামী বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বিশ্বশান্তি’ শীর্ষক আলোচনা সভা হয়।
পটুয়াখালী: বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ১০টায় একাডেমিক ভবনের সামনে থেকে শোকর্যালি বের হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর): সকালে পিরোজপুর শহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সদর উপজেলা পরিষদ মোড় থেকে একটি শোকর্যালি বের হয়। শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলার সব উপজেলায় শোকর্যালি, আলোচনা সভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
নড়াইল: শহরের পুরোনো বাস টার্মিনাল চত্বর থেকে শোকর্যালি বের করা হয়। শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।