বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোকর্যালি, মিছিল, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার সারা দেশে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: সকালে চাষাঢ়া স্মৃতিস্তম্ভ ও ২ নম্বর রেলগেটে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রশাসন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিক্ষা সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন ও মহাজোটের উদ্যোগে শহরে বের করা হয় শোকর্যালি। জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভা, কোরআনখানি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
মুন্সিগঞ্জ: সকালে শহরে শোভাযাত্রা ও শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। এরপর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন প্রতিষ্ঠান, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোকর্যালি বের হয়। গাজীপুর সদর উপজেলার ইটাহাটা এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদোগে বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা কালো পতাকা উত্তোলন, শোকর্যালি, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, খাদ্য বিতরণ ইত্যাদি।
মানিকগঞ্জ: জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও প্রশাসনের কর্মকর্তারা। এর আগে সকাল সাতটা থেকে শহরের দলীয় কার্যালয়ে কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টার দিকে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে পুরাতন কলা ভবনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শোকর্যালি বের হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিকেলে ক্যাফেটেরিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।