বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করে বাংলাদেশের হাতে তুলে দিতে ভারত চেষ্টার কোনো ত্রুটি করবে না। দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে গতকাল শুক্রবার ভারতের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
এ ছাড়া সীমান্ত পরিস্থিতি ও সীমান্ত ব্যবস্থাপনায় বহুমাত্রিক উন্নতি ঘটেছে বলে ওই বৈঠকে দাবি করা হয়। বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোশতাক আহমেদ ও ভারতের স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী বলেছেন, আলোচনা এখনো চলছে। সোমবার আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানানো হবে। ওয়ার্কিং গ্রুপ ও সচিব পর্যায়ের বৈঠকে প্রধানত প্রাধান্য পেয়েছে সীমান্ত ব্যবস্থাপনা। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক করিম বলেন, ‘আগের আলোচনা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে এবারের আলোচনা শুরু হয়েছে।’ বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের একজন প্রতিনিধি প্রথম আলোকে বলেন, ‘সীমান্তে বিএসএফের গুলি চালনা ও মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে গেলেও প্রতিশ্রুতি অনুযায়ী “জিরো কিলিং” এখনো সম্ভব হয়নি। কীভাবে তা করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে।’ ভারতের যুগ্ম সচিব শম্ভু সিং এ প্রসঙ্গে বলেন, ‘সীমান্ত সমস্যা খুবই জটিল, সন্দেহ নেই। পারস্পরিক আন্তরিকতায় দুই দেশ অনেকটাই এগিয়েছে।’ টিপাইমুখ প্রসঙ্গও দ্বিপক্ষীয় এই বৈঠকে ওঠে। টিপাইমুখ থেকে উজানে বদরপুরে যেখানে বরাক নদী দুই ভাগ হয়ে সুরমা ও কুশিয়ারা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, সেই অঞ্চলে ওই দুই নদীর পানির প্রবাহ নিয়ে বাংলাদেশের বিশেষজ্ঞরা জরিপ করতে আগ্রহ দেখিয়েছেন। এলাকাটি যেহেতু ভারতীয় ভূখণ্ডে, সে জন্য জরিপের কাজে সহযোগিতার জন্য সীমান্ত নিরাপত্তা বাহিনীর সাহায্য প্রয়োজন। ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়। উলফার নেতা অনুপ চেটিয়ার প্রত্যর্পণের বিষয়ে এ বৈঠকে কোনো কথা হয়নি বলে বাংলাদেশের প্রতিনিধিরা জানিয়েছেন। বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হর্ষ বর্ধন স্রিংলা বলেছেন, এ বিষয়ে প্রয়োজনীয় কাজ চলছে। তবে বৈঠকের পর দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে জানান, অনুপ চেটিয়াকে হস্তান্তরের বিষয়ে বাংলাদেশের কোনো আপত্তি নেই। তবে প্রশ্ন হলো, এর প্রকৃতি বা প্রক্রিয়া কেমন হবে, তা নিয়ে।