বঙ্গবন্ধুর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিরা মুক্তিযোদ্ধা হলেও মরণোত্তর রাষ্ট্রীয় সম্মান পাবেন না। সরকার মৃত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান প্রদান সম্পর্কিত ১৯৯৮ সালের নীতিমালা সংশোধন করায় তাঁরা এই সম্মান পাচ্ছেন না। জানা গেছে, গত ৭ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ সম্পর্কিত সংশোধিত নীতিমালা জারি করে। এতে বলা হয়, যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো মুক্তিযোদ্ধা মৃত্যুর পরে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে সমাহিত হবেন না। বা সরকার রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করবে না। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা বঙ্গবন্ধুর পাঁচ খুনিই মুক্তিযোদ্ধা। তাঁরা হচ্ছেন সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, সুলতান শাহারিয়ার রশিদ, এ কে এম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার) ও মুহিউদ্দিন আহমেদ (আর্টিলারি)। লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে: কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর করা হলেও ঢাকা থেকে কারও লাশ হস্তান্তর করা হবে না। স্বরাষ্ট্রসচিব গত রাতে প্রথম আলোকে বলেন, সবার লাশ তাঁদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। সেখানেই তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ ও র্যাবের উপস্থিতিতে প্রয়োজনীয় নিরাপত্তায় দাফন করা হবে।