বঙ্গবন্ধুর গল্প শোনালেন তাঁর দুই ঘনিষ্ঠজন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর একান্ত সচিব ছিলেন মসিউর রহমান। বঙ্গবন্ধুর সঙ্গে থাকার সময় সরকারি কাজ থেকে শুরু করে পারিবারিক বিভিন্ন স্মৃতির গল্প মসিউর রহমান যখন বলছিলেন, তখন শ্রোতারা মনোযোগ দিয়ে তা শুনছিলেন।
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে মসিউর রহমান এই গল্প শোনাচ্ছিলেন। ‘বঙ্গবন্ধুর গল্প’ নামে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে আরও গল্প শোনান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও আইনজীবী এম আমীর-উল ইসলাম। তিনি ১৯৪৪ সাল থেকে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের তথ্য তুলে ধরেন।
মসিউর রহমান বলেন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্ক ছিল অসাধারণ। একবার দুপুরের খাবারের সময় একাধিক নবীন কর্মকর্তা বঙ্গবন্ধুর কাছে গেলে তিনি জানতে চান কর্মকর্তাদের খাওয়া হয়েছে কি না। হ্যাঁ-না ধরনের উত্তর শোনার পর বঙ্গবন্ধু বললেন, ‘তোমরা বসো, খাও’। বঙ্গবন্ধুর খাবার আসত বাড়ি থেকে। টিফিন ক্যারিয়ারে চার-পাঁচজনের খাবার থাকত। সেদিন প্রধানমন্ত্রীর সামনে খাওয়ার সময় কই মাছের কাঁটা মসিউর রহমানের গলায় বেঁধার অবস্থা হয়েছিল।
মসিউর রহমান এখন বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা। একবার বঙ্গবন্ধুর গ্রামের বাড়িতে খাবারের সময় পাশে বসে বেগম মুজিব হাতপাখা দিয়ে বাতাস করেছিলেন। সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে অনুষ্ঠানে কেঁদে ফেলেন মসিউর রহমান।
বঙ্গবন্ধুর বিভিন্ন রাজনৈতিক জীবনের বর্ণনা দিতে গিয়ে আমীর-উল ইসলাম বলেন, তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। কর্মীদের প্রতি একাত্মতাবোধ ছিল।
বেলা সোয়া ১১টায় শুরু হওয়া এই গল্প চলে সোয়া একটা পর্যন্ত।
স্মারক বক্তৃতা: গতকাল বিয়াম মিলনায়তনে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু প্রশাসনিক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। নাগরিক সনদ প্রণয়নের উদ্যোগও নেন। বঙ্গবন্ধুর সেই সব উদ্যোগই এখন বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুকে নতুন আঙ্গিকে ছড়িয়ে দিতে তাঁকে নিয়ে গবেষণা করা উচিত।