বঙ্গবন্ধুর ঘাতক আজিজ পাশার ভাইয়ের বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতক আজিজ পাশার (মৃত) ভাই আলমগীর পাশার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত রোববার মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালান বলে জানা গেছে। ঘিওর থানার পুলিশ সূত্র জানায়, বেলা দুইটার দিকে আওয়ামী লীগের সহস্রাধিক নেতা-কর্মী আলমগীর পাশার বাড়িতে হামলা চালান। নেতা-কর্মীরা ঘরের দরজা ও টিনের বেড়া ভেঙে ফেলেন। ঘরের মালামাল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে পুলিশ আগুন নিভিয়ে ফেলে। পরে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে আজিজ পাশার কুশপুত্তলিকা দাহ করেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকেই ঘিওর সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ ঘিওর, হরিরামপুর ও শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিপুলসংখ্যক পুলিশ নিয়ে আলমগীর পাশার বাড়িতে অবস্থান নেন। পুলিশ দেখে বাড়ির লোকজন ঘরে তালা ঝুলিয়ে গা-ঢাকা দেয়। বেলা দেড়টার দিকে দলে দলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হন। দুইটার দিকে একযোগে হামলা চালানো হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন এবং হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদুর রহমান উপস্থিত ছিলেন। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আগেই জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষা এবং আলমগীর পাশার বাড়ি ও পরিবারের লোকদের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের কারণেই বাড়িটি ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের হাত থেকে রক্ষা পায়। ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার না করার কারণ জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি। ঘিওর সার্কেলের সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খুদা ঘটনাস্থলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। আলমগীর পাশা গতকাল সোমবার জানান, তিনি পরিবার নিয়ে বাড়িতে ফিরেছেন। আবারও হামলার আশঙ্কায় তিনি মামলা করেননি। মুঠোফোনে যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অরূপ রায় ও সংবাদ-এর মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম বিশ্বাসকে গালিগালাজ করে মামলায় ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা বলেন, এটা বিচ্ছিন্ন ঘটনা। সাংবাদিকদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতির আচরণকে দুঃখজনক উল্লেখ করে তিনি এই ঘটনার নিন্দা জানান।