বঙ্গবন্ধুর চিঠি, ওসমানীর সনদ সত্ত্বেও মুক্তিযোদ্ধা তালিকায় নেই ইয়াছিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যাঁরা যুদ্ধ করেছেন, তাঁদের একজন শহীদ মোহাম্মদ ইয়াছিন আলী খান। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের মঙ্গলহোড় গ্রামের মহর আলী খানের ছেলে ইয়াছিন মাত্র ১৮ বছর বয়সে এ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে দুঃসাহসিক ভূমিকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠি দিয়েছিলেন তাঁকে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মো. আতাউল গনি ওসমানী স্বাধীনতা সংগ্রামের একজন বীর সৈনিক হিসেবে ইয়াছিনকে ‘স্বাধীনতা সংগ্রামের সনদপত্রও’ দিয়েছিলেন।কিন্তু বঙ্গবন্ধুর চিঠি আর বঙ্গবীর ওসমানীর সনদপত্র থাকা সত্ত্বেও স্বাধীনতার প্রায় ৪০ বছর পরও মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠেনি ইয়াসিনের। এতে তাঁর বিধবা স্ত্রী সানজিদা বেগম মর্মাহত। হতাশায় রয়েছেন তাঁর দুই মেয়েও।বঙ্গবন্ধুর চিঠি এবং ওসমানীর সনদপত্রটি স্বামীর মৃত্যুর পর পরম যত্নে আগলে রাখেন সানজিদা। গত ২২ আগস্ট এগুলোর ফটোকপি এই প্রতিনিধির হাতে তুলে দেন তিনি। চিঠির মূল অংশ হুবহু তুলে ধরা হলো:‘নং প্রত্রাক/৬-৪-৭২/সিডি/২৮৬ তাং ১৩/১২প্রিয় ভাই, আপনি দেশপ্রেমের সুমহান আদর্শ ও প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশ-মাতৃকার মুক্তি সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পাক-হানাদার দস্যুবাহিনীর হাতে গুরুতরভাবে আহত হয়েছেন। এই দুঃসাহসিক ঝুঁকি নেওয়ার জন্যে আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার মতো নিঃস্বার্থ দেশ-প্রেমিক বীর সন্তানরাই উত্তরকালে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নিশ্চয়তায় এক অত্যুজ্জ্বল আদর্শ হিসেবে প্রেরণা যোগাবে।“প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল” থেকে আপনার ও আপনার পরিবারের উপকারার্থে আপনার সংশ্লিষ্ট মহকুমা প্রশাসকের নিকট ৫০০/- টাকার চেক প্রেরিত হল। চেক নম্বর ও কিউ ২২৮৭৭৩আমার প্রাণভরা শুভেচ্ছা ও সংগ্রামে অভিনন্দন নিন। শেখ মুজিব’সানজিদা জানান, তাঁর স্বামী স্বাধীনতার কয়েক বছর পর সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে পুলিশ বিভাগে যোগদান করেন। খাগড়াছড়িতে দায়িত্ব পালনকালে ১৯৮৪ সালের ১০ অক্টোবর শান্তি বাহিনীর গুলিতে ইয়াছিন নিহত হন। পুলিশ বিভাগে ইয়াছিনের চাকরির বয়স ১০ বছর পূর্ণ না হওয়ায় সরকার থেকে কোনো প্রকার আর্থিক সহায়তা বা ভাতা পাননি সানজিদা। শ্বশুরবাড়িতেও তেমন জমিজমা ছিল না। ফলে দুই শিশুকন্যা আড়াই বছরের শাহাজাদী ইয়াছমিন রিতু ও নয় মাস বয়সী ইশরাত জাহান সেতুকে নিয়ে বাবার বাড়ি শেরপুর জেলা শহরের কসবা কাঠগড়া মহল্লায় চলে আসেন। আবেগতাড়িত কণ্ঠে সানজিদা বলেন, বঙ্গবন্ধু তাঁর স্বামীর অবদানের স্বীকৃতি দিলেও এখন কেন স্বীকৃতি পাবেন না? এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। বড় মেয়ে রিতু বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয়ভাবে আমরা বাবার স্বীকৃতি চাই।’ছোট মেয়ে সেতু বলেন, মুক্তিযোদ্ধা তালিকায় বাবার নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রায় ছয় মাস আগে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে একটি আবেদনপত্র জমা দিয়েছিলাম। বাবার নাম তালিকায় অন্তর্ভুক্তির ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু এ ব্যাপারে আর কোনো অগ্রগতি হয়নি। এ ব্যাপারে দেলদুয়ারের পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ চান খাঁ বলেন, ‘মুক্তিযোদ্ধা শহীদ ইয়াছিন আলী খান আমার বাল্যবন্ধু ছিলেন। মুক্তিযুদ্ধে তিনি বিশেষ অবদান রেখেছেন।’ অপরদিকে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবিল বিচিত্র বড়ুয়া বলেন, মুক্তিযোদ্ধা তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্তির ব্যাপারে তথ্য চাওয়া হলে তা সরবরাহ করা হবে।