বঙ্গবন্ধুর ছবি না থাকায় ধুনটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বিদ্যালয়ের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা করেছেন।মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার খাদুলী উচ্চবিদ্যালয়ের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো ছিল না। বিষয়টি জানতে পেরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এক পত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ছবি টানানো ও সংরক্ষণের জন্য তাগাদা দেন। তারপরও ছবি টানানো হয়নি।বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল কাদের বলেন, ‘প্রধান শিক্ষককে ছবি টানানোর জন্য অনেকবার বলেছি।’ প্রধান শিক্ষক সোলায়মান হোসেন দাবি করেন, এর আগে কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিল। কিন্তু উই পোকায় ছবি দুটি নষ্ট করে ফেলেছে। এ জন্য ধানগড়া বাজারের একটি দোকানে সপ্তাহখানেক আগে দুটি ছবি নতুন করে বাঁধাই করতে দিয়েছি। ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আবদুস ছালাম বলেন, বিদ্যালয় কার্যালয় পরিদর্শন করে অভিযোগের সত্যতা মিলেছে। এ জন্য প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।