বঙ্গবন্ধুর ছবি-সংবলিত পাঁচটি নোট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবি-সংবলিত বিভিন্ন মূল্যমানের পাঁচটি নতুন নোট গতকাল বৃহস্পতিবার অবমুক্ত করেছেন। খবর বাসসের।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী গতকাল সকালে তাঁর কার্যালয়ে দুই, পাঁচ, ১০০, ৫০০ ও এক হাজার টাকার নতুন নোট আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।অনুষ্ঠানে ভাষণকালে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আন্তরিক ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘জনগণ যাতে স্বাধীনতার সুফল ভোগ করতে পারে, সে লক্ষ্যে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ছিলেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ তাঁকে নির্মমভাবে হত্যা করে। বিদেশে থাকায় সৌভাগ্যক্রমে তাঁরা দুই বোন বেঁচে যান। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতকেরা শুধু এই মহান নেতাকেই হত্যা করেনি, তারা দেশের অগ্রগতি ও উন্নয়নের চাকাও বন্ধ করে দিয়েছিল।অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মসিউর রহমান, গওহর রিজভী, আলাউদ্দিন আহমেদ ও অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, অর্থসচিব মোহাম্মদ তারিক, চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।বঙ্গবন্ধুর ছবি-সংবলিত বিভিন্ন মূল্যমানের নতুন মুদ্রা নোট অবমুক্তকরণের দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নতুন প্রজন্ম সদ্য অবমুক্ত নোটের মাধ্যমে দেশের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে। তিনি বলেন, আকারে পার্থক্য থাকায় অন্ধ ব্যক্তিও সহজেই এই নতুন নোটের ব্যবধান ধরতে পারবে। প্রধানমন্ত্রী নতুন মুদ্রা নোট অবমুক্ত করতে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ ব্যাংক, চিত্রশিল্পী ও নকশাবিদদের ধন্যবাদ জানান।