বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আকাশের ঠিকানায় চিঠি

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ‘আকাশের ঠিকানায় চিঠি লেখো’ শীর্ষক ব্যতিক্রমী এক অনুষ্ঠান হয়ে গেল চট্টগ্রামের লালদীঘি মাঠে। গতকাল বুধবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে চিঠি-সংবলিত ৫২টি বেলুন ও বেশ কয়েকটি ফানুস আকাশে ওড়ানো হয়।
‘বঙ্গবন্ধু আমরা জেগে আছি নির্ঘুম, ক্লান্তিহীন অবিনাশী চেতনার প্রদীপ জ্বেলে’ শীর্ষক কথামালা লেখা ছিল ব্যানারে। মাঠে রাখা হয় বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি। প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা।
ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে জাগ্রত ছাত্র যুব জনতা নামের একটি সংগঠন। সম্প্রতি চট্টগ্রামে বঙ্গবন্ধুর ছবি বিকৃতিকে কেন্দ্র করে এই সংগঠনের জন্ম।
অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘এই মাঠ থেকে বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবি ঘোষণা করেছিলেন। আজ আমরা সেখানে দাঁড়িয়ে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করতে এসেছি।’
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. মশিউর রহমান, শ্রমিকনেতা কাজী মাহবুবুল হক, ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ শওকত, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ৫২টি বেলুনের সঙ্গে একটি চিঠি বেঁধে আকাশে উড়িয়ে দেওয়া হয়। ওই চিঠি বঙ্গবন্ধুর উদ্দেশে লেখা হয় বলে জানান আয়োজকেরা।