বঙ্গবন্ধুর জন্মদিনে চট্টগ্রামে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজনৈতিক নেতা ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে দিবসের সূচনা করেন। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সকালে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রহুল আমিন ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ। এরপর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় শিশু-কিশোর শোভাযাত্রা। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমি থেকে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।
এদিকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ে আজ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। এরপর দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিশু-কিশোর সমাবেশের আয়োজন করেছে। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এ ছাড়া আজ বিকেলে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।