বঙ্গবন্ধুর জন্মদিনে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে গাইবান্ধা আদর্শ কলেজ l ছবি: প্রথম আলো
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে গাইবান্ধা আদর্শ কলেজ l ছবি: প্রথম আলো

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। সরকারিভাবে দিবসটি জাতীয় শিশু দিবস হিসেবেও উদ্যাপন করা হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: সকাল ১০টায় জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা ও মহানগর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন। পরে জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে টাউন হল চত্বরে এসে শেষ হয়। টাউন হলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বক্তব্য দেন ডিআইজি হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমদে, সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
নীলফামারী: জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে শিশু-কিশোর সমাবেশ ও মেলায় যোগ দেয়। জেলা প্রশাসক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সাবেক সাংসদ মো. জোনাব আলী, সিভিল সার্জন আবদুর রশীদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ। শিশুদের উদ্দেশে আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধু কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। বই পড়ে তোমাদের জ্ঞান অর্জন করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, যেটা বঙ্গবন্ধু চেয়েছেন। এর আগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা লিখন, গল্পবলাসহ বিভিন্ন প্রতিযোগিতা হয়।
ঠাকুরগাঁও: সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। সভায় জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সম্পাদক সাদেক কুরাইশী, পুলিশ সুপার ফারহাত আহমেদ, সিভিল সার্জন নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিতেন্দ্রনাথ রায় প্রমুখ বক্তব্য দেন। পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কুড়িগ্রাম: সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে কলেজ মোড়ের স্বাধীনতার বিজয় স্তম্ভে শেষ হয়। সেখানে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, সিভিল সার্জন জয়নাল আবেদিন জিল্লুর প্রমুখ। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সাংসদ মো. জাফর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ, মহান মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারি ছবি প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
পঞ্চগড়: সকালে পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা সরকারি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক। সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে সদর উপজেলার সদ্য বিলুপ্ত গাড়াতি ছিটমহলের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আলিম মাদ্রাসা থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা হয়।
বিরামপুর (দিনাজপুর): সকালে দিনাজপুর একাডেমির সামনে থেকে হুইপ ইকবালুর রহিমের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে সব শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ ইকবালুর রহিম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলতাফুজ্জামান মিতা প্রমুখ। নবাবগঞ্জে সাংসদ শিবলী সাদিকের নেতৃত্বে শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ৫০ জন মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা ও ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটিকে ৫০ হাজার করে আর্থিক অনুদান দেন শিবলী সাদিক। বিরামপুর কলেজে শিশুদের নিয়ে কেক কেটে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বীরগঞ্জে সাংসদ মনোরঞ্জন শীল গোপালের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। এ ছাড়া চিরিরবন্দর, বিরল, বোচাগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয়।
বদরগঞ্জ (রংপুর): বদরগঞ্জে প্রশাসনের আয়োজনে সকালে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ আহসানুল হক চৌধুরী। ইউএনও কাজী আবেদা গুলশানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম প্রমুখ।