বঙ্গবন্ধুর জন্মদিনে নানা আয়োজন

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার। সরকারিভাবে দিবসটি জাতীয় শিশু দিবস হিসেবেও উদ্যাপন করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: সকাল আটটায় শহরের অম্বিকা ময়দানে অস্থায়ী বেদিতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে জেলা প্রশাসক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দেন। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন উপস্থিত ছিলেন।
পরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে অম্বিকা মেমোরিয়াল হলে জাতীয় শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ছাড়া দিবসের অন্য কর্মসূচির মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান, মিলাদ ও দোয়া এবং বিশেষ প্রার্থনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শহরের শেখ রাসেল শিশুপার্কে বিনা মূল্যে প্রবেশ ও রাইডে চড়ার সুযোগ।
খুলনা: সকাল নয়টায় খুলনা জিলা স্কুল মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। এর আগে সকাল আটটায় সাংসদ তালুকদার আবদুল খালেকের নেতৃত্বে একটি শোভাযাত্রা নিউমার্কেট থেকে শুরু হয়ে খুলনা বেতারে এসে শেষ হয়।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল (প্রাথমিক ও মাধ্যমিক) ও উন্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে সকাল থেকে ছাত্রছাত্রীদের জন্য বঙ্গবন্ধুর জীবন আলেখ্য, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাতের সুন্দর লেখা, নির্ধারিত বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে স্কুলগুলোর শিক্ষার্থী ও শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ে সকাল নয়টায় পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় একাডেমিক ভবন অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান।
ইসলামী বিশ্ববিদ্যালয়: বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. শাহিনুর রহমান। এর আগে তিনি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন। দুপুর ১২টার দিকে টিএসসিসিতে আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেন। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্রলীগ পৃথকভাবে কেক কাটে। কেক কাটা ও পুরস্কার বিতরণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী: সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুরে গতকাল বীর মুক্তিযোদ্ধা মর্জি-দেলোয়ারা কলেজের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি আকবর আলী মর্জি। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাহবুব আহম্মেদ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীত, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশন করা হয়।
নড়াইল: শহরে বিশাল শোভাযাত্রা বের করা হয়। পরে অস্থায়ীভাবে নির্মিত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শেষে জন্মবার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম কবির। এ ছাড়া কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা: সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস।
সাতক্ষীরা: সকাল নয়টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবদুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি।
পিরোজপুর: সকালে শহরে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল। আলোচনা সভা শেষে কেক কেটে তিন দিনব্যাপী শিশু আনন্দ মেলার উদ্বোধন করেন সাংসদ। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর উদ্যোগে জাতীয় শিশু দিবসের তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে কুইজ ও রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, যেমন খুশি তেমন সাজো ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।