বঙ্গবন্ধুর জন্মদিনে বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৭ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিনে ফরিদপুর জেনারেল হাসপাতাল বিনা মূল্যে চিকিৎসা সেবা দেবে। আজ সোমবার সকালে জেলার উন্নয়ন সমন্বয় সভায় ফরিদপুরের সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস এ তথ্য জানান।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯টার দিকে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপপরিচালক স্থানীয় সরকার মো. আব্দুর রশিদ।

সভায় জানানো হয়, আগামী বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে এ সেবা কার্যক্রম চলবে ফরিদপুর জেনারেল হাসপাতালে। ওই দিন মেডিসিন, গাইনি, মা ও শিশু, অর্থোপেডিক, সার্জারি, নাক-কান-গলা, চোখ, দাঁত, চর্মসহ সব ধরনের চিকিৎসা সেবা বিনা মূল্যে দেওয়া হবে। ওই দিন কোনো অস্ত্রোপচার হলে সেটাও হবে বিনা মূল্যে।

ফরিদপুরের সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় গত রোববার ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় ও ফরিদপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এ এ সিদ্ধান্ত গ্রহণ করে । তিনি বলেন, ওই দিন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীকে কোনো টিকিট কাটতে হবে না। তাদের প্যাথলজিক্যাল পরীক্ষার জন্যও টাকা দিতে হবে না।