বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
‘স্বাধীনতার চেতনায় মোরা গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে গতকাল ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড়: সকালে সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কার্যক্রম। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সরকারি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।জয়পুরহাট: শহরের রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়। সেখানে জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।সিরাজগঞ্জ: প্রথম প্রহরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন বিভাগের মহাপরিচালক কবির বিন আনোয়ার, পুলিশ সুপার হুমায়ন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমান, জান্নাতআরা হেনরী প্রমুখ।রাজশাহী: সকালে জেলা প্রশাসনের আয়োজনে নগরের লক্ষ্মীপুর ল্যাবরেটরি গভ. হাইস্কুল চত্বর থেকে শিশু-কিশোরদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি লক্ষ্মীপুর সিঅ্যান্ডবির মোড় হয়ে রাজশাহী জেলা শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। এতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জেলা প্রশাসক আবদুল হান্নানসহ মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।দিনাজপুর: সকাল নয়টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষকেরা জড়ো হন। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে চিত্রাঙ্কন, বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।বাগেরহাট: সকালে শহরের স্বাধীনতা উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোজাম্মেল হোসেন, সাংসদ মীর শওকাত আলী, জেলা প্রশাসক শুকুর আলীসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করা হয়। স্বাধীনতা উদ্যানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকুর আলী।নড়াইল: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে সকাল নয়টায় শোভাযাত্রা বের হয়। শিল্পকলা একাডেমী চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সুবাস বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির প্রমুখ। রাজবাড়ী: সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, জেলা পরিষদের প্রশাসক আকবর আলী মর্জি, পুলিশ সুপার রেজাউল হক, সিভিল সার্জন নুরুল আমীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন করা হয়।চাঁদপুর: সকাল ১০টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শিশু সমাবেশ ও সেখান থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।ইসলামী বিশ্ববিদ্যালয়: সকাল নয়টায় টিএসসিসি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ১০টায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রশাসন ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে টিএসসিসি মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। এরপর জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।সুনামগঞ্জ: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে শিশুসমাবেশ হয়। এতে জেলা প্রশাসক মুহামঞ্চদ ইয়ামিন চৌধুরী সভাপতিত্ব করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নরসিংদী: দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে জেলা ছাত্রলীগ। পরে আলোচনা সভা হয়। এ ছাড়া জেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ময়মনসিংহ: জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হল প্রাঙ্গণ থেকে সকালে শোভাযাত্রা বের হয়ে শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মতিউর রহমান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।নেত্রকোনা: সকালে মোক্তারপাড়ায় মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। শাহজালাল বিশ্ববিদ্যালয়: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, সমাবেশ ও কেক কাটেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সমাবেশে মিলিত হয়।শেরপুর: সকালে শেরপুর কালেক্টরেট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুর সদর আসনের সাংসদ মো. আতিউর রহমান। এ ছাড়া জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়। নারায়ণগঞ্জ: সকালে শহর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন উপাসনালয়ে প্রার্থনা, শোভাযাত্রা, কেক কাটা, শিশুসদনে উন্নত মানের খাবার পরিবেশন, পুস্তক ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। বিকেলে সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।মুন্সিগঞ্জ: জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শিশুদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সকাল ১০টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে হয় আলোচনা সভা। এ ছাড়া জেলা শিশুবিষয়ক কর্মকর্তার উদ্যোগে শিল্পকলা একাডেমীতে চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা হয়। জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়।মানিকগঞ্জ: বিকেলে মানিকগঞ্জ অফিসার্স ক্লাবে জাতীয় মহিলা সংস্থা ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষা-সহায়তা হিসেবে ২০ জন প্রতিবন্ধী ছাত্রছাত্রীকে ৩০০ টাকা করে দেওয়া হয়। এর আগে সকালে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গাজীপুর: জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়। জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কেক কেটে দিবসটি উদ্যাপন করে।টঙ্গী (গাজীপুর): টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতনে সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়। বিকেলে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ ও সফিউদ্দিন সরকার একাডেমী অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে সকালে উপজেলার চুনকুটিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ (ঢাকা): বেলা একটার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা কমপ্লেক্সের আবদুল ওয়াছেক মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়।