বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আ.লীগ নেতা মাত্র একজন!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বঙ্গবন্ধুর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্থানীয় আওয়ামী লীগের মাত্র একজন নেতা উপস্থিত ছিলেন। এতে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল ইসলাম। ইউএনওর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও দুঃখ প্রকাশ করে বলেন, ‘আজ বঙ্গবন্ধুর জন্মদিনের সরকারি অনুষ্ঠানে আওয়ামী লীগের মাত্র একজন নেতাকে উপস্থিত দেখতে পেলাম। এতে বড় লজ্জা ও কষ্ট পেয়েছি। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের অনুপস্থিতি আমাদের পীড়িত করেছে। আশা করি, আগামী ২৬ মার্চের সরকারি অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা উপস্থিত থেকে আমাদের আজকের দুঃখ ঘুচিয়ে দেবেন।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দলাদলি আছে। তা ছাড়া অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে। ওই সময় সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় বোধহয় আসতে পারেননি।’