বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ পেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষীয়ান আইনজীবী রফিক-উল হক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জন্যই আমরা বাংলাদেশ পেয়েছি, সংবিধান পেয়েছি। জাতির পিতা বিষয়টি সংবিধানসমঞ্চত। তা মেনে নিতে কোনো পক্ষেরই আপত্তি থাকা উচিত নয়।’
গতকাল সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন অনুষ্ঠানে রফিক-উল হক সাংবাদিকদের এসব কথা বলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. শাহজাহান ও বেলায়েত হোসেন।
রফিক-উল হক আরও বলেন, বঙ্গবন্ধু ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করেননি। তিনি এ দেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড চালু করেন। রেড়িওতে কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করেন। কাকরাইল মসজিদ বঙ্গবন্ধুর দেওয়া। বিশ্ব ইজতেমার জন্য জমি দান করেন। ইসলামিক ফাউন্ডেশনে সিরাতের ব্যবস্থা, হজ পালনে সরকারি অনুদান এবং সমুদ্রপথে হজে যাওয়ার ব্যবস্থা করেন। ধর্মীয় ছুটির প্রবর্তন করেন।
এর আগে কলেজের ছাত্র-শিক্ষক ও অতিথিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপন করা হয়।