বঙ্গবন্ধুর দুই খুনিকে ফিরিয়ে আনতে আইনজীবী নিয়োগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই খুনি নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে কানাডা ও যুক্তরাষ্ট্রে আইনজীবী নিয়োগ করা হয়েছে। নূর কানাডায় ও রাশেদ যুক্তরাষ্ট্রে পলাতক বলে সরকারের কাছে তথ্য রয়েছে।বিচারার্থে বা দণ্ডদানার্থে বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে গঠিত টাস্কফোর্সের বৈঠকে গতকাল বুধবার এ কথা জানানো হয়। আইন মন্ত্রণালয়ে এ বৈঠক শেষে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।আইনমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, স্বরাষ্ট্রসচিব মনজুর হোসেন, আইন ও বিচারসচিব সহিদুল করিম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।যুক্তরাষ্ট্র ও কানাডায় চিঠি: বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত দুই খুনি লে. কর্নেল (অব.) এস এইচ এম বি নূর চৌধুরী ও লে. কর্নেল (অব.) এ এম রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে গতকাল বুধবার যুক্তরাষ্ট্র ও কানাডায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক শামীম আহসান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বঙ্গবন্ধুর ওই দুই খুনিকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ডকে চিঠি পাঠিয়েছেন।’শামীম আহসান বলেন, ‘গতকাল ফ্যাক্সের মাধ্যমে ওই দুটি চিঠি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে পাঠানো হয়েছে। ওই দুটি মিশন চিঠি দুটি দুই পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে পাঠাবে।