বঙ্গবন্ধুর দুই খুনিকে ফেরাতে আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও দণ্ডিত পলাতক ছয় খুনির অন্যতম এ এম রাশেদ চৌধুরী ও নুর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে।
সুনির্দিষ্টভাবে এ দুজনের অবস্থান জানার পর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও আইনি পরামর্শক সংস্থা নিয়োগের পর তেমন অগ্রগতি নেই। তাই খুনিদের ফেরাতে সরকার এ প্রক্রিয়া জোরদার করা উচিত বলে মনে করে।
গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধুর খুনিদের ফেরানোবিষয়ক জাতীয় টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সভা সূত্র বলেছে, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় খুনি খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, আবদুল মাজেদ, এ এম রাশেদ চৌধুরী, নুর চৌধুরী ও মোসলেম উদ্দিনের মধ্যে কে কোথায় আছেন আর তাঁদের দেশে ফেরানোর অগ্রগতি কী তা পর্যালোচনা করা হয় সভায়। দণ্ডিত এই ছয় খুনির প্রথম তিনজন এ মুহূর্তে কোথায় আছেন, সে ব্যাপারে বাংলাদেশের কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই। বাকি তিনজনের মধ্যে এ এম রাশেদ চৌধুরী রাজনৈতিক আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রে। কানাডায় নুর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হলেও তিনি এখন সে দেশে রয়েছেন।
যুক্তরাষ্ট্র থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারত থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে রয়েছেন বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অন্যতম মোসলেম উদ্দিন। যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। ওই আবেদন খারিজ হওয়ার পর তিনি সেখানে থাকার জন্য আইনি লড়াই চালাচ্ছেন। তবে তিনি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে আছেন, তা জানা যায়নি।
গতকালের সভা সূত্র বলেছে, সভায় খুনিদের ফেরানোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে বলা হয়েছে, নুর চৌধুরী ও রাশেদ চৌধুরীর ব্যাপারে ইতিমধ্যে আইনি পরামর্শক সংস্থা নিয়োগ করা হয়েছে। কানাডার ওই প্রতিষ্ঠান কাজও শুরু করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আইনি পরামর্শক সংস্থার পাশাপাশি লবিস্টও নিয়োগ করা হয়েছে। এ দুই দেশে প্রতিষ্ঠানগুলোর কাজ ত্বরান্বিত করার কথা বলা হয়েছে। এ ছাড়া অন্য খুনিদের অবস্থান সম্পর্কে জানতে দূতাবাসসহ বিভিন্ন মাধ্যমে নিশ্চিতভাবে তথ্য জানার কথা বলা হয়েছে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, খুনিদের ফেরত আনতে কানাডা ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকারের পক্ষে আইনি পরামর্শক সংস্থা নিয়োগ করেও ফলপ্রসূ কিছু হয়নি। কারণ, কার সঙ্গে যোগাযোগ করতে হবে কিংবা আনুষ্ঠানিক অনুরোধের সময় কোন কোন বিষয় উল্লেখ করতে হবে—এসব পরামর্শ ছাড়া এখন পর্যন্ত আর কোনো ভূমিকা রাখেনি পরামর্শক সংস্থাগুলো।
বঙ্গবন্ধু হত্যা মামলায় ফারুক রহমান, বজলুল হুদা, সুলতান শাহরিয়ার রশীদ খান, এ কে এম মহিউদ্দিন আহমেদ ও মহিউদ্দিন আহমেদের ফাঁসি ২০১০ সালের ২৭ জানুয়ারি কার্যকর হয়েছে।