বঙ্গবন্ধুর দুই খুনির রায় পুনর্বিবেচনার আবেদন শুনানির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামির মধ্যে বজলুল হুদা ও ল্যান্সার এ কে এম মহিউদ্দিনের রায় পুনর্বিবেচনার আবেদন শুনানির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল মঙ্গলবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের আদালতে শুনানির দিন নির্ধারণের জন্য আবেদন করেছেন এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক। দিন নির্ধারণের জন্য তাঁদের আবেদন আজ চেম্বার বিচারপতির আদালতে আসবে বলে জানান তিনি।গত ১০ জানুয়ারি বজলুল হুদা ও ল্যান্সার এ কে এম মহিউদ্দিনের পক্ষে তাঁদের আইনজীবী আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রায় পুনর্বিবেচনার আবেদন করেন। আর ৯ জানুয়ারি এই দুজনসহ আর্টিলারি মুহিউদ্দিন আহমেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুলতান শাহরিয়ার রশিদ খান ও সৈয়দ ফারুক রহমান এখনো কোনো আবেদন করেননি। ১১ জানুয়ারি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, এই দুজন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন না। কারণ নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা আবেদন করেননি।গতকাল মঙ্গলবার এ বিষয়ে দ্বিমত পোষণ করে আনিসুল হক বলেন, দুই আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুনর্বিবেচনার ও প্রাণভিক্ষার আবেদন একসঙ্গে চলতে পারে।