বঙ্গবন্ধুর দুষ্প্রাপ্য ছবি নিয়ে প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক l প্রথম আলো
সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক l প্রথম আলো

ইতিহাসের বিরল কিছু ছবির প্রদর্শনী হবে ঢাকায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এক লাখ বর্গফুট জায়গা হয়ে উঠবে উন্মুক্ত গ্যালারি। দেখানো হবে জাতির পিতার দুষ্প্রাপ্য কিছু ছবি, যা আগে কেউ দেখেনি। ১৩ থেকে ১৫ আগস্ট ‘চিত্রগাথায় শোকগাথা’ নামের এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। জাতির পিতার ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ প্রদর্শনীতে তাঁর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ছবিগুলো সংগ্রহ করা হয়েছে সিআরআই, বিভিন্ন স্টুডিও, আর্কাইভ ও তাঁর ঘনিষ্ঠজনদের কাছ থেকে। পাশাপাশি প্রদর্শনীতে থাকবে দেশবরেণ্য চিত্রশিল্পীদের আঁকা ছবি।গতকাল মঙ্গলবার বিকেলে মহাখালীর একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেও ছবিগুলো দেখেছেন এবং প্রদর্শনীর জন্য মনোনীত করতে সাহায্য করেছেন। ইতিমধ্যে ২০০ ছবি প্রিন্ট করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আনিসুল হক একটি চিঠি পড়ে শোনান। সেটি ছিল সর্বস্তরের মানুষকে এই প্রদর্শনী দেখতে আসার আহ্বান। আনিসুল হক জানান, প্রদর্শনী দেখতে আসার সুবিধার্থে ১৫ আগস্ট সংসদ ভবন এলাকায় রিকশা চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার অনুরোধ করা হয়েছে। ১৩ আগস্ট বিকেল পাঁচটায় এই প্রদর্শনী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সন্ধ্যা সাতটা থেকে সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে। রাত ১০টা পর্যন্ত দর্শকেরা তা দেখতে পাবে। ১৪ ও ১৫ আগস্ট প্রদর্শনী দেখা যাবে যথাক্রমে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত। 
এক প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, প্রদর্শনী শেষে যাঁর যাঁর কাছ থেকে আনা ছবি ফেরত দেওয়া হবে। বাকিগুলো জাতীয় জাদুঘরে রাখা হবে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের বরাত দিয়ে জানান, ছবিগুলো নিয়ে ঢাকার বাইরেও প্রদর্শনী করা হতে পারে। আর প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে নতুন প্রজন্মকে।