নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পানামনগরে গতকাল রোববার দুপুরে সন্ত্রাসীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নমুনা ভাস্কর্য ভাঙচুর করেছে। এ সময় সন্ত্রাসীরা ভাস্কর্যটির শিল্পী শ্যামল চৌধুরীর কাছ থেকে দরপত্র ও দুই লাখ ২০ হাজার টাকার পে-অর্ডারও ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের জন্য দরপত্র আহ্বান করে কর্তৃপক্ষ। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দরপত্র জমা দেওয়ার সময় বঙ্গবন্ধুর নমুনা ভাস্কর্যও দাখিল করতে বলা হয়েছিল। শ্যামল চৌধুরী জানান, গতকাল সকালে দরপত্র জমা দেওয়ার জন্য তিনি ঢাকা থেকে মাইক্রোবাসে করে সোনারগাঁয়ে আসেন। তাঁর সঙ্গে মাটি ও ফাইবারের তৈরি বঙ্গবন্ধুর দুটি ভাস্কর্য ছিল। তাঁর মাইক্রোবাসটি জাদুঘরের কাছে পানামনগরে এলে অপর একটি মাইক্রোবাসে করে আসা পাঁচ-ছয়জন সন্ত্রাসী তাঁর গাড়ির গতি রোধ করে। পরে সন্ত্রাসীরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে লাঞ্ছিত করে এবং মাটি দিয়ে তৈরি বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভাঙচুর করে। এ সময় তাঁর সঙ্গে থাকা দরপত্রের কপি ও দুই লাখ ২০ হাজার টাকার পে-অর্ডারের কপি ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।শ্যামল চৌধুরী আরও বলেন, নারায়ণগঞ্জের বাসিন্দা চারুকলা ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নামধারী হাসনাত কয়েক দিন ধরে তাঁকে দরপত্র নিয়ে সমঝোতা করার জন্য প্রস্তাব দেন। কিন্তু হাসনাতের প্রস্তাবে রাজি হননি তিনি।এদিকে বঙ্গবন্ধুর নমুনা ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ দুঃখ প্রকাশ করে বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা বঙ্গবন্ধুকে অপমান করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। বক্তব্যের একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নমুনা ভাস্কর্য ভাঙচুর করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ বাদী হয়ে জিডি করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।