বঙ্গবন্ধুর নামে সেনানিবাসের নামকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাস উদ্বোধন করেন। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাস উদ্বোধন করেন। ছবি: ফোকাস বাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে অবস্থিত সেনানিবাসের ৯৮ সংমিশ্রিত ব্রিগেডকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ সেনানিবাসের বিভিন্ন স্থাপনা ও শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯৮ সংমিশ্রিত ব্রিগেডটি ১৯৯৯ সালের ২০ মে প্রতিষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সেখানে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ সফিকুর রহমান।

বঙ্গবন্ধু সেনানিবাসের সদর দপ্তর, ব্রিগেড কার্যালয় ভবন,১২ তলা বিশিষ্ট অফিসার্স মেস কমপ্লেক্স, অফিসার, জুনিয়র কমিশন অফিসার ও অন্যান্য পদবির সৈনিকদের জন্য বহুতলবিশিষ্ট পারিবারিক বাসস্থানের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবনির্মিত এ স্থাপনাগুলো ঘুরে দেখেন তিনি। বঙ্গবন্ধুর নামে এই প্রথম কোনো সেনানিবাসের নামকরণ করা হলো। 

এর আগে টাঙ্গাইলের ঘাটাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের শহীদ বীর উত্তম সিপাহী নুরুল হক প্যারেড মাঠে প্রথম নারী সৈনিক ব্যাচ শপথ গ্রহণ ও প্রশিক্ষণ কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীদের একক এই কুচকাওয়াজ অনুষ্ঠানে ৮৭৮ জন নবীন সৈনিক অংশ নেন।