বঙ্গবন্ধুর নামে স্যাটেলাইট হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এটির ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৯৬৮ কোটি টাকা। বাস্তবায়নকাল ২০১৪ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত। প্রকল্পে সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে এক হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে এক হাজার ৬৫২ কোটি ৪৪ লাখ টাকা। বিডার্স ফাইন্যান্সিংয়ের মাধ্যমে প্রকল্প সাহায্যের ব্যবস্থা করা হবে একনেক সভায় জানানো হয়।

একনেক সভায় আরও জানানো হয়, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কোম্পানি স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে স্যাটেলাইটটির নকশা তৈরি করেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে টেলিকমিউনিকেশন ও ব্রডকাস্টিং সেবা দিতে ৪০টি ট্রান্সপন্ডার নির্মাণ করা হবে। নির্মাণের পর স্যাটেলাইটটি অরবিটাল স্লটে স্থাপন করা হবে। ভূমি থেকে স্যাটেলাইটটি নিয়ন্ত্রণের জন্য দুটি গ্রাউন্ড স্টেশনও থাকবে। এ প্রকল্পটি হলে সম্প্রচার বাবদ বছরে ১১০ কোটি টাকা সাশ্রয় হবে।

গতকালের একনেক সভায় চার হাজার ২৯৬ কোটি টাকার মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে এক হাজার ৯২৮ কোটি ৫৩ লাখ টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে দুই হাজার ৩৬৩ কোটি  টাকা। বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব থাকবে পাঁচ কোটি টাকা।

সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো বাংলাদেশ রেলওয়ের জন্য ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ, ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, খুলনা শহরের জন্য প্রি-পেমেন্ট মিটারিং (১ম পর্যায়), তামাবিল স্থলবন্দর উন্নয়ন এবং নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়।