বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে তৎপরতা চালাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় পুরোপুরি কার্যকর করতে দণ্ডিত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ তৎপরতা চালাতে হবে। তিনি বলেন, ‘জাতি জানবে, পৃথিবীর কোথাও হত্যাকারীদের ঠাঁই নেই।’ গতকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতাকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। খবর বাসসের।জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকায় গোপালগঞ্জ জেলা সমিতি এ আলোচনা সভার আয়োজন করে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান অনুষ্ঠানে বক্তৃতা করেন।গোপালগঞ্জ সমিতির সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, দীর্ঘ ৩৫ বছর পর হলেও জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারী ঘাতকদের বিচার বাংলাদেশের মাটিতেই সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘জাতি আজ অনেকটা কলঙ্কমুক্ত।’রাষ্ট্রপতি বলেন, ‘স্বাধীনতাবিরোধী চক্র বঙ্গবন্ধুর “সোনার বাংলা”র স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। ঘাতকেরা সেই নেতাকেই হত্যা করল, যিনি না জন্মালে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতো না।’ তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের ধিক্কার জানিয়ে বলেন, ‘তারা ভেবেছিল জাতির জনকের হত্যার মাধ্যমে তাঁর আদর্শ মুছে যাবে। কিন্তু না, তা হয়নি। এ দেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর অবদান ও আদর্শ বাঙালির হূদয়ে অক্ষয় হয়ে থাকবে।’রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ চিরদিন নতুন প্রজন্মকে দেশ গড়ার কাজে অনুপ্রেরণা জোগাবে। ক্ষমতা, নাম, যশ ও প্রতিপত্তির জন্য বঙ্গবন্ধু রাজনীতি করেননি। সাধারণ মানুষের কল্যাণই ছিল তাঁর রাজনীতির লক্ষ্য।পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্য, জেলখানায় শহীদ জাতীয় চার নেতা, স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।